উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় গতকাল বুধবার নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘের ডাকা ইসলামি সম্মেলন হয়নি।
বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় উপজেলা প্রশাসন গতকাল সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই মাঠে ১৪৪ ধারা জারি করে।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ নাটোর জেলা শাখা গতকাল সকাল ১০টায় নলডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে ইসলামি সম্মেলনের ডাক দেয়। তাদের আদর্শের পরিপন্থী স্থানীয় কিছু লোকজন ওই সম্মেলন বন্ধের জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে চিঠি দেয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত শেষে ওই সম্মেলনকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করলে উপজেলা প্রশাসন গত মঙ্গলবার সন্ধ্যায় সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাত দিয়ে সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারির ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা বলেন, সম্মেলনে সংগঠনের শীর্ষ নেতা আসাদুল্লাহ আল গালিবকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসন অন্যায়ভাবে সম্মেলন পণ্ড করে দিয়েছে।
তবে বাংলাদেশ আহলে হাদিস জাম’আত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্রসমাজ প্রশাসনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সমাজসেবা ও প্রশিক্ষণ সম্পাদক গোলাম আযম বলেন, গালিব সাহেব এখানে এলে ধর্মীয় অসন্তোষ সৃষ্টি হতো।
জানতে চাইলে ইউএনও শারমিনা আক্তার জাহান প্রথম আলোকে বলেন, শান্তিশৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকায় বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে।