সম্মেলন ঘিরে উত্তেজনা ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় গতকাল শুক্রবার ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেন।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নেতৃত্ব নিয়ে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছফিউল্লাহ মিয়া ও যুগ্ম আহ্বায়ক হানিফ মুন্সীর মধ্যে বিরোধ চলছে। হানিফ মুন্সীর নেতৃত্বে তাঁর অনুসারীরা ইতিমধ্যে উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটিতে সম্মেলন করেছেন। একই সঙ্গে ছফিউল্লাহ মিয়ার নেতৃত্বে আটটি ইউনিয়নে সম্মেলন হয়েছে।
দলীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল বিকেলে ছফিউল্লাহ মিয়ার পক্ষের লোকজন লালপুর ইউনিয়নে সম্মেলন করেন। এদিকে হানিফ মুন্সীর পক্ষে লালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের স্থানীয় লালপুর এস কে দাস উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বেলা তিনটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের পাল্টা সম্মেলন করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন। এ নিয়ে উপজেলাসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে ইউএনও গতকাল বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার লালপুর এস কে দাস উচ্চবিদ্যালয় ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।
লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোর্শেদ মাস্টার বলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগে আবুল খায়ের কোনো পদে নেই। দলীয় কোনো পদে না থেকে কীভাবে তিনি এখানে সম্মেলনের প্রস্তুতি নেন। তাই উপজেলা ও জেলা কমিটির মাধ্যমে বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
হানিফ মুন্সী বলেন, ‘উপজেলার নয়টির মধ্যে সাতটি ইউনিয়নে সম্মেলন সম্পন্ন করেছি। শুধু লালপুর ও শরীফপুর বাকি রয়েছে। ছফিউল্লাহ মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগও বিভিন্ন ইউনিয়নে সম্মেলন করেছে। আমরা আমাদের মতো সম্মেলন করছি। তাদের সম্মেলনে আমরা বাধা দিচ্ছি না। তারা কেন আমাদের সম্মেলনে বাধা দিচ্ছে?।’
ছফিউল্লাহ মিয়া দাবি করেন, উপজেলা আওয়ামী লীগে কোনো বিভক্তি নেই। আর হানিফ মুন্সী দলের কেউ নন। ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করার কোনো অধিকার তাঁর (হানিফ মুন্সী) নেই।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবুল খায়েরের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে আশুগঞ্জের ইউএনও আমিরুল কায়ছার বলেন, সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতিসহ বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।