সম্মেলন থেকে ফেরার পথে হেফাজতের কর্মীদের পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলন শেষে চট্টগ্রাম শহর থেকে ফেরার পথে গত শুক্রবার রাতে হেফাজতের কর্মীদের পিটিয়েছেন সুন্নিমতাদর্শীরা। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন।হেফাজতের কর্মীরা জানান, সম্মেলন শেষে ওই দিন রাত ১০টায় চট্টগ্রাম শহর থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরেন তাঁরা। এ সময় সুন্নিমতাদর্শীরা লাঠি ও লোহার রড নিয়ে কাপ্তাই সড়কের বিভিন্ন স্থানে গাড়ি আটক করে তাঁদের পিটুনি দেন। এলাকাবাসী জানান, কাপ্তাই সড়কের হাটহাজারী উপজেলার মদুনাঘাট, রাউজান পথেরহাট, রাঙ্গুনিয়ার শান্তির হাট ও গোচরা এলাকায় সম্মেলনের বাস থামিয়ে হামলা চালান সুন্নিমতাদর্শীরা। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে পিটুনি দেন তাঁরা। এসব স্থান থেকে হেফাজতের অর্ধশতাধিক কর্মীকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।রাঙ্গুনিয়া উপজেলা হেফাজতের নেতা মাওলানা আনছারুল হক জানান, পিটুনিতে আহত ৩০-৩২ জন কর্মী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরে যান। ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া ১০-১১ জন কর্মী রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।সুন্নিমতাদর্শী সংগঠন ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার নেতা জহুরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলাম সম্মেলনের সময় জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিবকে অবরোধ করে লাঞ্ছিত করেছেন। আসার পথে শেরেবাংলার মাজারে জুতা নিক্ষেপ করেছেন। ফলে ক্ষিপ্ত হয়ে সুন্নিমতাদর্শীরা হেফাজতের কর্মীদের মারধর করেন। এ সময় সাত-আটজন সুন্নিমতাদর্শী কর্মী আহত হয়েছেন।