ছয় বছর পর গতকাল শুক্রবার পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পাকশী শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। এতে ব্যাপক আয়োজন করা হলেও সম্মেলন শেষে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৯ সালের ২০ জুলাই শ্রমিক লীগের পাকশী শাখার সম্মেলনে দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।
সম্মেলনে আগত নেতা-কর্মীরা অভিযোগ করেন, ছয় বছর পর সম্মেলন হলেও স্থানীয় কয়েকজন নেতার কারণে গতকাল নতুন কমিটি ঘোষণা করা হয়নি।
পাকশী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন মুঠোফোনে বলেন, সম্মেলন শেষ হওয়ার পর সন্ধ্যায় নতুন কমিটির তালিকা জমা হয়েছে। কিন্তু কমিটির নাম ঘোষণা করা হয়নি। পরে ঘোষণা করা হবে।
পাকশী হাশেম আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। আরও উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ প্রমুখ।