চার বছর পর গত মঙ্গলবার মাগুরা জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু কমিটি গঠন ছাড়াই ওই সম্মেলন শেষ হয়।
জেলা কৃষক লীগের কয়েকজন নেতা-কর্মী বলেন, সর্বশেষ ২০১১ সালে জেলা কৃষক লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনে সুজিত বিশ্বাস সভাপতি ও মিরুল ইসলাম সাধারণ সম্পাদক হন। সুজিত মারা যাওয়ার পর মশিউর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
চার বছর পর গত মঙ্গলবার স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা।
ওই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার, সহসভাপতি আবু নাসির, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের নেতা সৈয়দ শরিফুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতিকুল হক।
নেতা-কর্মীরা আরও বলেন, ওই দিন বিকেল পর্যন্ত আছাদুজ্জামান মিলনায়তনে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। পরে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় নেতারা মাগুরা সার্কিট হাউসে বসেন। সেখানে সংগঠনের চার উপজেলা ও পৌরসভার সভাপতি-সাধারণ সম্পাদককে ডাকা হয়। এ সময় কেন্দ্রীয় নেতাদের কাছে দুটি প্যানেলে কমিটি জমা দেওয়া হয়। এর একটিতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মঈনুল ইসলামকে সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। অপর প্যানেলে জেলা কৃষক লীগের সদ্য সাবেক কমিটির সাধারণ সম্পাদক মিরুল ইসলামকে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক আলী হায়াতুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।
একপর্যায়ে নেতারা কমিটি গঠন না করে ঢাকায় চলে যান।
এ ব্যাপারে জানতে চাইলে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত নেতা আতিকুল হক প্রথম আলোকে বলেন, ‘কাউন্সিলরদের তালিকা নিয়ে সমস্যা ছিল। তাই কমিটি ঘোষণা করা হয়নি। পরে এ বিষয়ে কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত হবে। কমিটি গঠনের ব্যাপারে আমাদের ওপর কোনো চাপ বা কেউ প্রভাব বিস্তার করেনি। আমরা আমাদের মতোই কাজ করছি।’