সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা বিএনপির সম্মেলনস্থলে একই সময় যুবদলের এক পক্ষ পাল্টা সমাবেশ আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মানিকহার রহমান আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জেলা বিএনপির সম্মেলনস্থল শহরের অতিথি কমিউনিটি সেন্টার এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে সব রকম সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন।

মো. মানিকহার রহমান সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম আলোকে বলেন, শহরের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি ও পৌর যুবদলের পক্ষ থেকে পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করায় সংঘর্ষ এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিথি কমিউনিটি সেন্টার এবং এর আশপাশের এলাকায় আজ ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ঝালকাঠি বিএনপি দীর্ঘদিন ধরে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলার সাবেক সভাপতি শাহজাহান ওমর। অপর পক্ষের নেতৃত্বে আছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক। জেলা বিএনপির সম্মেলনে মাহবুবুল হককে অতিথি না করায় তিনি তাঁর অনুসারীদের দিয়ে সম্মেলনস্থলে পাল্টা কর্মসূচি আহ্বান করান।

দলীয় সূত্রে জানা গেছে, আজ ঝালকাঠি শহরের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। সম্মেলনের জন্য স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রশাসন ও পুলিশের অনুমতি নেওয়া হয়েছে। সকাল ১০টায় শাহজাহান ওমর সম্মেলনের উদ্বোধন করার কথা রয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মো. মাহবুবুর রহমানকে সম্মেলনে প্রধান অতিথি করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন ও নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে অতিথি করা হয়েছে।

এদিকে গতকাল সকালে ঝালকাঠি শহর যুবদলের আহ্বায়ক মিজান ফরাজী একই স্থানে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান পালনের জন্য জেলা প্রশাসন ও পুলিশের কাছে আবেদন করেন। এরপর বিকেলে যুবদলের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হককে প্রধান অতিথি করে শহরে মাইকিং করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে একটি মহল আমাদের সম্মেলনকে বানচাল করার জন্য সম্মেলনস্থলে পাল্টা কর্মসূচি আহ্বান করে প্রশাসনকে দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছে। আমরা অন্য স্থানে সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি। কালকে (বৃহস্পতিবার) সম্মেলন হবে।’

মাহবুবুল হক বলেন, ‘আমাকে প্রধান অতিথি করে মাইকিং করার ব্যাপারে আমি কিছুই জানি না।’

ঝালকাঠি শহর যুবদলের আহ্বায়ক মিজান ফরাজী বলেন, ‘আমি এসবের কিছুই জানি না। আমি বর্তমানে ঢাকায় আছি। আমার নাম ব্যবহার করে প্রশাসনের কাছে কে আবেদন করেছে তা বলতে পারছি না।’