সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনে কোনো ধরনের আত্মপ্রচার চলবে না। কেউ নিজের নাম দিয়ে, ছবি দিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বা বিলবোর্ড করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকদের সংখ্যা এক শর মধ্যে রাখা হবে বলেও জানান তিনি।
গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপকমিটির বৈঠকে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যেখানে কমিটির পরিধি আগের চেয়ে সাতআট জন বাড়বে। কমিটির কার্যনির্বাহীতে ৮১ কিংবা ৮৩ হবে। তবে উপকমিটির সহসম্পাদক এক শর মধ্যে রাখা হবে।’
বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের সংখ্যা ৫৩৯ জন বলে প্রথম আলোকে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
দপ্তর উপকমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা চূড়ান্তভাবে ঠিক করেছি ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর সারা দেশ থেকে আসবেন। এর বাইরে কতজন ডেলিগেটর জেলা পর্যায় থেকে আসবেন, সেটা এক সপ্তাহের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকেরা আমাদের কাছে তালিকা দেবেন।’ এ সময় সম্মেলন সফল করার লক্ষ্যে দপ্তর উপকমিটি আটটি বুথ করে আটজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান দপ্তর উপকমিটির আহ্বায়ক।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দপ্তর উপকমিটির সদস্যসচিব আবদুস সোবহান গোলাপ, কমিটির সদস্য আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সুজিত রায় নন্দী, এস এম কামাল হোসেন প্রমুখ। আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।