সম্মেলনে গণতান্ত্রিক দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে আ.লীগ
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রগতিশীল গণতান্ত্রিক দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ রোববার ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠকে তিনি এ কথা জানান।
অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের সম্মেলনে ভারতের ক্ষমতাসীন বিজেপি, বিরোধী দল কংগ্রেস, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি, যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টি এবং চীনের কমিউনিস্ট পার্টিসহ অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলটির তৃণমূলের নেতাদের কথা শুনতে চান। এ জন্য দলটির ২০তম সম্মেলন দুই দিনব্যাপী হবে। সম্মেলনে পাকিস্তানের কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, পাকিস্তানের সবাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। সে দেশেও প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি রয়েছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করে পাকিস্তানের রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সম্মেলনে আসা বিদেশি অতিথিদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।