সম্মেলনে দলের গঠনতন্ত্রে ইতিবাচক পরিবর্তন আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। আসন্ন সম্মেলনে দলের ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
গতকাল শুক্রবার ফেনী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ভূমিকা পালন করছে। তাদের দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় ঘটেনি। তিনি বলেন, সরকার ও সরকারি দল এ ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচন নিয়ে বিএনপি যেসব অভিযোগ করছে, তা আদৌ সত্য নয়। কোথায় তাদের লোক নিহত হয়েছে বা আহত হয়েছে অথবা ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, সে বিষয়ে তাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি বলেন, দীর্ঘদিন দলের কর্মকাণ্ড না থাকায় বিএনপি এতই দুর্বল হয়ে পড়েছে যে অনেক জায়গায় তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না।
এ সময় ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ শামছুল আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, সড়ক বিভাগের কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল উপস্থিত ছিলেন।