সম্মেলনের আট মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের পর প্রায় আট মাস গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ। সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে চলছে সংগঠন। দলীয় কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। নেতা-কর্মীরা ডুবছেন হতাশায়। বিভিন্ন পর্যায়ের ১২ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি চান্দিনা মহিলা কলেজ মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে ভোটাভুটি ছাড়াই আবদুল আউয়াল সরকারকে সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকারকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। এরপর সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী তিন বছরের জন্য দ্রুত ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তাঁদের নাম কেন্দ্রে জমা দিতে বলা হয়। কিন্তু এখন পর্যন্ত তাঁরা তা জমা দিতে পারেননি।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আওতাধীন চান্দিনা, তিতাস ও দাউদকান্দি উপজেলার পাঁচজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, ১৬ বছর ধরে দলের এ শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন আবদুল আউয়াল সরকার। আর ২৪ বছর ধরে সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন জাহাঙ্গীর আলম সরকার। ১৯ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে ঘুরেফিরে তাঁরাই এ দুটি পদে অধিষ্ঠিত হয়েছেন। এতে করে দলের মধ্যে কোনো প্রাণ নেই। নতুন নেতৃত্ব এলে দল গতিশীল হতো। এখন দলের প্রকৃত ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করে কমিটির বিভিন্ন পদে ঠাঁই দিতে হবে। কমিটি না হওয়ার কারণে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
বিগত কমিটির একজন প্রভাবশালী সদস্য বলেন, দলের অভ্যন্তরীণ বিরোধের কারণে তরুণ নেতৃত্ব জায়গা পাচ্ছে না। এখন কমিটির শীর্ষ নেতারা তাঁদের অনুগত লোকজনকে কমিটিতে রাখতে চাইছেন। সেটা হলে দল এগোবে না।
জানতে চাইলে জাহাঙ্গীর আলম সরকার বলেন, প্রধানমন্ত্রী বাইরে থাকায় এত দিন কমিটির সদস্যদের নাম জমা দেওয়া হয়নি। কমিটি নিয়ে কাজ চলছে। ৭১ সদস্যের কমিটিতে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের রাখা হবে। তিনি আরও বলেন, ‘কুমিল্লা উত্তর জেলায় কোনো মন্ত্রী নেই; জেলা পরিষদে এ এলাকার কেউ নেই। ফলে কাজকর্মে আমাদের নেতা-কর্মীরা সুযোগ পাচ্ছেন না। এখন নেতা-কর্মীদের পদ দিয়েই সন্তুষ্ট রাখতে হচ্ছে।’
আবদুল আউয়াল সরকার বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নাম কেন্দ্রে জমা দেওয়া হবে। নবীন-প্রবীণ মিলিয়ে সেই কমিটিতে জায়গা পাবেন।
এর আগে ১৯৯৭ সালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ৬৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সাংসদ মো. আলী আশরাফ সভাপতি ও জাহাঙ্গীর আলম সরকার সাধারণ সম্পাদক হন। ২০০০ সালে আলী আশরাফ ডেপুটি স্পিকার হলে ওই পদ ছাড়েন। ভারপ্রাপ্ত সভাপতি হন আবদুল আউয়াল সরকার। আর ১৯৯২ সাল থেকে সাধারণ সম্পাদকের পদে রয়েছেন জাহাঙ্গীর আলম সরকার।