চট্টগ্রামের মহানগর ছাত্রদলের প্রতিনিধি সম্মেলনের এক বছর পূর্ণ হচ্ছে আজ বৃহস্পতিবার। এই এক বছরেও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হয়নি। কমিটি কবে হবে তা-ও জানেন না নেতৃত্বে আসতে আগ্রহী নেতারা। তাই অনেক নেতাই হতাশ হয়ে পড়েছেন বলে জানা গেছে। ছাত্রদল সূত্র জানায়, গত বছরের ১১ আগস্ট চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রদলের প্রতিনিধি সম্মেলন নগরের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। নতুন নেতৃত্ব আনতে নগর ছাত্রদলের কাউন্সিলররা গত বছর ভোটে অংশ নেন। সম্ভাব্য প্রার্থীরা নিজের নাম বাদ দিয়ে পছন্দের পাঁচ নেতার নাম কাগজে লিখে কেন্দ্রীয় নেতাদের কাছে জমা দেন। দলীয় সূত্র জানায়, গত বছরের ভোটে নগরে ১০৮ জন ও দক্ষিণ জেলা ১৮০ জন কাউন্সিলর অংশ নেন। কথা ছিল, রাজধানী ঢাকা থেকে দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম মহানগর ও দক্ষিণ জেলা শাখার পাঁচ সদস্য করে নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে এখনো ফলাফল ঘোষণা না হওয়ায় নেতৃত্বে আসতে আগ্রহী নেতারা হতাশ হয়ে পড়েছেন। অবশ্য দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন কমিটি ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের বিদায়ী সভাপতি মোশাররফ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, নগর ছাত্রদলের নতুন কমিটি গঠন অত্যন্ত জরুরি। কারণ, রমজানের পর সরকারবিরোধী আন্দোলন-সংগ্রাম শুরু হচ্ছে। ছাত্রদলকে এ ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।নতুন কমিটি গঠনে বিলম্বের কারণ জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, ‘এটা কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। তবে নগর ছাত্রদলের সভাপতি হিসেবে আমি তো বিদায়ী বক্তব্য এক বছর আগেই দিয়ে ফেলেছি।’ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ ইউনিট চট্টগ্রাম মহানগর। সেখানে কিছু সমস্যা তো আছেই। আমরা চেষ্টা করছি তা কাটিয়ে উঠতে। দ্রুত কমিটি ঘোষণা করতে আমাদের চেষ্টা আছে।’ প্রসঙ্গত, চট্টগ্রাম নগর বিএনপির রাজনীতি সব সময় দুই ধারায় বিভক্ত। একটি ধারার নেতৃত্বে আছেন নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অন্যটিতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এর বাইরেও ছাত্রদলের মধ্যে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের যথেষ্ট প্রভাব আছে বলে জানা গেছে। তাঁরা পছন্দের ব্যক্তিদের ছাত্রদলের কমিটিতে আনতে প্রভাব খাটিয়ে যাচ্ছেন বলে একাধিক নেতা স্বীকার করেন।নগর ছাত্রদলের বর্তমান কমিটির সহসম্পাদক ও সাধারণ সম্পাদক প্রার্থী কামরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম নগর বিএনপির নেতাদের কোন্দলের কারণে ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে না।’নগর ছাত্রদলের সভাপতি পদের প্রার্থী গাজী মোহাম্মদ সিরাজউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এক-এগারোর কাপুরুষদের বাদ দিয়ে কমিটি গঠনের জন্য আমরা কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছি। আমাদের শর্ত হচ্ছে, ন্যূনতম স্নাতক ডিগ্রিধারীদের নেতৃত্বে আনতে হবে। নইলে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর নেতাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না।’