সম্মেলনের দেড় মাস পরও যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মেলনের দেড় মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি আওয়ামী যুবলীগ। একইভাবে ঢাকা মহানগর শাখারও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি সংগঠনটি।সংগঠনের একাধিক সূত্র থেকে জানা গেছে, পদপ্রত্যাশী ব্যক্তিদের নানা রকম দেনদরবার ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে বিরোধের কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। সংগঠনের সাবেক শীর্ষ নেতৃত্ব ও বর্তমান নেতৃত্বের মধ্যে এ নিয়ে বিরোধ-মতবিরোধ চলছে। সাবেক দুই নেতা চাচ্ছেন কমিটিতে নিজেদের লোকদের স্থান করে দিতে। আর বর্তমান চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক চাচ্ছেন, দল ক্ষমতায় আসার পর গত সাড়ে তিন বছরে সাংগঠনিক কাজে না থেকে যাঁরা রাতারাতি সম্পদের মালিক হয়েছেন, তাঁদের কমিটি থেকে বাদ দিতে বা পদোন্নতি না দিতে। রাতারাতি ধনী হওয়া নেতারা পদ পাওয়ার জন্য সম্মেলনের আগে অনেক টাকা-পয়সাও ব্যয় করেন বলে অভিযোগ আছে। দলীয় সূত্রগুলো জানায়, কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতাদের স্থান করে দেওয়া নিয়েও শীর্ষ নেতারা হিমশিম খাচ্ছেন। ছাত্রলীগের সাবেক কয়েক হাজার নেতার জীবনবৃত্তান্ত জমা পড়েছে। এ নিয়ে দলের মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের তদবির আছে। এর মধ্যে যুবলীগের আগের কমিটিতে থাকা নেতাদের নিয়ে একটি খসড়া কমিটি করে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের সাবেক নেতাদেরও একটা তালিকা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরান থেকে ফেরার পর এই তালিকাও তাঁর কাছে দেওয়া হবে।জানতে চাইলে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের কাজ গুছিয়ে আনা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে একটা খসড়া জমা দেওয়া হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যাবে বলে তিনি আশাবাদী। যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যসংখ্যা ১৩০ এবং কেন্দ্রীয় কমিটির সদস্যসংখ্যা ১৭০। সব মিলিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি ৩০০ জনের। দীর্ঘ নয় বছর পর গত ১৪ জুলাই যুবলীগের সম্মেলন হয়। এতে ওমর ফারুক চৌধুরীকে চেয়ারম্যান, হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক ও মহিউদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। একইভাবে ঢাকা মহানগর উত্তর শাখায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসভাপতি এবং দক্ষিণ শাখায় সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।