সময় অনুযায়ী নতুন ভ্যাট আইন বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মনে করছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি কমে যাবে। সংস্থাটির হিসাবে এবার মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ। প্রবৃদ্ধির এই হার সরকারের লক্ষ্যমাত্রার তুলনায় দশমিক ৭ শতাংশ কম। সরকারের আশা, এবার প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ।
বাংলাদেশের অর্থনীতির ওপর বিস্তারিত পর্যালোচনা করে আইএমএফ প্রবৃদ্ধি কম হওয়ার কারণও ব্যাখ্যা করেছে। আইএমএফ বলছে, মূলত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সরকারি বিনিয়োগের ওপর ভর করেই এই প্রবৃদ্ধি হবে। আর আগের তুলনায় প্রবৃদ্ধি কম হওয়ার কারণ হচ্ছে চলতি অর্থবছর শুরুই হয়েছে প্রত্যাশার তুলনায় কিছুটা ধীরগতিতে এবং বেসরকারি খাতের ঋণের গতিও কমে গেছে।
তারপরও আইএমএফ মনে করে বর্তমান বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন উল্লেখ করার মতোই। এ সময় মূল্যস্ফীতির চাপ কমেছে এবং বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে। যদিও কর আদায় পরিস্থিতি এখনো দুর্বল। জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার কম।
আইএমএফের নির্বাহী বোর্ড গত ২০ জানুয়ারি বাংলাদেশের অর্থনীতির এই মূল্যায়ন সম্পন্ন করেছে। ২০১৫ সালের বার্ষিক এই মূল্যায়নকে বলা হয় ‘আর্টিকেল ফোর কনসালটেশন’। গতকাল মঙ্গলবার আইএমএফ তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করেছে।
বাংলাদেশের প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের এই পূর্বাভাস সম্পর্কে গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রতিক্রিয়া জানান। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, ‘আইএমএফের নিজের অফিসেই অনিশ্চয়তা বেশি। প্রেসিডেন্ট নেই, নতুন প্রেসিডেন্ট আসছে। বাংলাদেশ সম্পর্কে কোথায় তথ্য-উপাত্ত পেল আইএমএফ? আমি হলাম তথ্যের ভান্ডার। আইএমএফের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
এ সময় মুস্তফা কামাল গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব দেন। গত অর্থবছরে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫৫ শতাংশ হয়েছে বলে তিনি জানান। মুস্তফা কামাল বলেন, ‘আইএমএফ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান যাই বলুক না কেন, বিবিএসের হিসাবই চূড়ান্ত।’
প্রতিবেদনে আইএমএফ অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি বেশ কিছু পরামর্শও দিয়েছে। পাশাপাশি সামনের দিনগুলোর জন্য সম্ভাব্য ঝুঁকির কথাও বলেছে। পরামর্শের মধ্যে রয়েছে সময় অনুযায়ী নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প বাছাই প্রক্রিয়া শক্তিশালী করা, জ্বালানি তেলের মূল্য বাজারভিত্তিক করা, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালনার মান বাড়ানো এবং সঞ্চয়পত্রের সুদের হার বাজার হারের সঙ্গে সমন্বয় করা। এর অর্থ হচ্ছে সঞ্চয়পত্রের সুদহার কমানো।
আইএমএফ অবশ্য বলছে, মধ্য মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক চিত্রটি আশাব্যঞ্জক। প্রবৃদ্ধি ক্রমান্বয়ে ৭ শতাংশের দিকে যাবে। তবে এর পূর্বশর্ত হচ্ছে সহায়ক নীতি গ্রহণ, কাঠামোগত সংস্কার বাস্তবায়ন এবং রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকা। পাশাপাশি বেসরকারি বিনিয়োগের বাধাগুলো দূর করতে হবে, যাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পায়। আইএমএফ মনে করছে, চলতি অর্থবছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকলেও পরের অর্থবছরে কিছুটা বেড়ে যেতে পারে। সরকারি খাতে বেতন-ভাতা বৃদ্ধি এবং নতুন ভ্যাট আইন বাস্তবায়নের কারণে এমনটি ঘটবে।
আইএমএফ আরও পরামর্শ দিয়ে বলেছে, সরকারের এখন অগ্রাধিকার হওয়া উচিত কীভাবে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানো যায়, তা নিয়ে কাজ করা। সরকারের আয় বাড়লে প্রয়োজনীয় অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে এবং সামাজিক খাত কর্মসূচিকে আরও জোরদার করা যাবে। আইএমএফ ব্যাংক খাতের সংস্কারও জোরালো করতে বলেছে। বিশেষ করে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের ওপর নজরদারি বাড়াতে হবে, তাদের ঋণ ও সম্পদের মান বাড়াতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।