সময় এলে রাজপথে নামবই: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘রাজপথে আমরা নামবই। যত বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, যখন সময় আসবে আমরা রাজপথে নামবই, কেউ আটকাতে পারবে না।’
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থক প্যানেল থেকে নির্বাচিত ব্যক্তিরা আজ শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর গুলশান কার্যালয়ে দেখা করেছেন। এ সময় খালেদা জিয়া এ কথা বলেন।
ক্ষমতাসীন সরকারকে ‘দুর্বল’ ও ‘অত্যাচারী’ আখ্যা দিয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার অবৈধ। দেশে কোনো আইনের শাসন, ন্যায়বিচার নেই। সরকার জোর করে সবকিছু করে যাচ্ছে। এ সরকারের দেশের মানুষের প্রতি কোনো দরদ নেই, দেশের প্রতি আনুগত্য নেই।
পাশের দেশ ভারতের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘অন্য একটি দেশের প্রতি তাদের (সরকার) এত দরদ যে মানুষ স্তম্ভিত হয়ে যায়। আমরা কোনো কিছুই পাই না। কিন্তু তারা যা চাচ্ছে সরকার তা-ই দিয়ে দিচ্ছে। দেশটা দেওয়ার বাকি, তা-ও হয়তো চাইলে দিয়ে দেবে।’
সুপ্রিম কোর্ট বারে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেন, এ বিজয়ে সরকার মনঃক্ষুণ্ন। এখানে পরাজিত হয়ে সরকার তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে জবরদস্তি করে এর প্রতিশোধ নিচ্ছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টে দখল চলে না, এজন্য তারা পারেনি। জবরদস্তি না করলে উপজেলায় এমন ভরাডুবি হতো যে আওয়ামী লীগের মুখ দেখানোর অবস্থা থাকতো না।
খালেদা জিয়া আরও বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন ছিল তামাশা। সেখানে ভোট হয়নি। ভাগবাঁটোয়ারা হয়েছে। আমাদেরও ডেকেছিল। আমরা ভাগবাঁটোয়ারায় বিশ্বাস করি না। নির্বাচনে বিশ্বাস করি। এজন্য যাইনি।’
খালেদা জিয়া আগামী দিনের আন্দোলনে আইনজীবীদের রাজপথে নামা এবং দলের কর্মীদের আইনি সহায়তা দেওয়ার জন্য বিশেষ সেল গঠনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।