সময় এসেছে নাশকতা রোধে সংস্কৃতিকর্মীদের মাঠে নামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের ২৭ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ৩২তম বার্ষিক সম্মেলন ও কর্মী সমাবেশে চলমান নাশকতা ও সহিংসতা বন্ধের দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার সকালে নগরের অশ্বিনীকুমার হল চত্বরে এ সম্মেলন ও সমাবেশ হয়।
সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃত্তিকার মীর মুজতা আলী। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর বের করা হয় শোভাযাত্রা। তা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হলে এসে শেষ হয়। পরে সেখানে হয় কর্মী সমাবেশ।
সমাবেশে বক্তারা বলেন, রাজনীতির নামে নাশকতা-সহিংসতায় সাধারণ মানুষ অতীষ্ঠ হয়ে উঠেছে। পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারার কারণে দেশে একটা ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বক্তারা বলেন, হরতাল-অবরোধ ও নাশকতায় জর্জরিত সারা দেশের শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষা চলছে চরম অনিশ্চয়তায়। স্কুল-কলেজসহ সর্বস্তরে দেখা দিয়েছে স্থবিরতা। এখান থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে ভূমিকা নিতে হবে। নাশকতা রোধে কঠোর হতে হবে সরকারকেও।
বক্তারা আরও বলেন, শ্রমিক ও পেশাজীবী মানুষের জীবন ও জীবিকার ওপর আঘাত আসছে। দেশের অর্থনীতি থমকে যাচ্ছে। প্রভাব পড়েছে সাংস্কৃতিক অঙ্গনে। এ থেকে পরিত্রাণে সময় এসেছে নাশকতা রোধে সংস্কৃতিকর্মীদের মাঠে থেকে কাজ করার। সব ধরনের সহিংসতা প্রতিরোধের।
পরিষদের সভাপতি শান্তি দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বদিউর রহমান ও আইনজীবী এস এম ইকবাল।
এ ছাড়া আলোচনা করেন নাট্যজন সৈয়দ দুলাল ও সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।