সময় কমেছে, চাঁদার পরিমাণ কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলিস্তান ও আশপাশের এলাকায় ৪৫টির মতো ফুটপাতে ভাসমান হকার বসেন। এর মধ্যে ৩০টি ফুটপাত পড়েছে পল্টন থানায়, ১২টি মতিঝিল থানায় ও ৩টি শাহবাগ থানা এলাকায়। ডিএসসিসির সম্পত্তি বিভাগের হিসাবে, এসব ফুটপাতে ডিএসসিসির তালিকাভুক্ত হকার আছেন প্রায় আড়াই হাজার। তবে হকারদের বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, এই ৪৫টি ফুটপাতে অন্তত ১০-১২ হাজার ভাসমান দোকান রয়েছে।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, এসব দোকান থেকে প্রতিদিন ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত চাঁদা তোলা হয়। চাঁদার হার গড়ে ২০০ টাকা করে হলে ৪৫টি ফুটপাত থেকে দিনে ২০ লাখ টাকা চাঁদা ওঠে। অভিযোগ রয়েছে, চাঁদার এই টাকা ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, পুলিশ ও চাঁদা তোলার কাজে নিয়োজিত লাইনম্যান এবং তাঁদের সহযোগীরা ভাগ করে নেন।
হকাররা দাবি করেছেন, ফুটপাতে দোকান বসানোর সময় কমলেও এই চাঁদার পরিমাণ কমেনি। সার্জেন্ট আহাদ পুলিশ বক্স এলাকার হকার মো. শফিকুল বলেন, সন্ধ্যার পর গুলিস্তানে তেমন বেচাকেনা হয় না। তাই দিনের বেলায় পণ্য নিয়ে দৌড়ঝাঁপ করে লাইনম্যানদের চাঁদার টাকার ব্যবস্থা করতে হয়।
গত ৮ মার্চ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাতের হকারদের কাছ থেকে সাইফুল ইসলাম ও সেকান্দার আলী নামের দুই ব্যক্তিকে (লাইনম্যান) চাঁদা তুলতে দেখা গেছে। তাঁরা দুজন যথাক্রমে আওয়ামী বাস্তুহারা লীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ ছাড়া মতিঝিল শাপলা চত্বর এলাকায় লাইনম্যান কাশেম, সাদেক, নুরুল ইসলাম; গুলিস্তান শপিং কমপ্লেক্সের সামনে জাহাঙ্গীর, নাসির, আলমগীর; বায়তুল মোকাররমের উত্তর ফটকে রফিকুল ইসলাম ও দক্ষিণ ফটকে মো. হাসেম এবং পুরানা পল্টন এলাকায় হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবদুল হাশেমকে চাঁদা তুলতে দেখা যায়। তাঁরা সবাই ডিএসসিসির করা মামলার আসামি ও সংশ্লিষ্ট এলাকায় হকারিও করেন। এর মধ্যে সাইফুল, সেকান্দার আলী ও আবদুল হাশেম চাঁদা তোলার কথা স্বীকারও করেছেন।
সাইফুল ইসলাম ও আবদুল হাশেম বলেন, ফুটপাত থেকে বছরে কয়েক কোটি টাকা চাঁদা ওঠানো হয়। এই টাকা ক্ষমতাসীন দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ভাগ করে দিতে হয়। তা না দিলে ফুটপাতে হকার বসতে দেওয়া হয় না। তাঁরা বলেন, তবে এই টাকা সিটি করপোরেশনকে বৈধভাবে দিলে তারা যদি ফুটপাতে সবার বৈধতা দেয়, তা-ও করা যায়।
তবে বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, এটা সমাধানের পথ নয়। ডিএসসিসিকে পরিকল্পিতভাবে ফুটপাত থেকে হকারদের সরিয়ে নিতে হবে। লাইনম্যান নামধারী সব চাঁদাবাজের বিরুদ্ধেই ডিএসসিসিকে ব্যবস্থা নিতে হবে।