সময় চাইলেন চেয়ারম্যানরা
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম দূর করতে সচ্ছল ব্যক্তিদের কার্ড বাতিল করে প্রকৃত হতদরিদ্র ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করার জন্য সাত কার্যদিবস সময় চেয়েছেন জয়পুরহাটের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যরা। খাদ্যবান্ধব এ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় কর্মসূচিতে স্বচ্ছতা আনতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা করে জয়পুরহাট জেলা প্রশাসন। এ সময় সমস্যা সমাধানের জন্য সময় চান ইউপি সদস্যরা।
১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণে জয়পুরহাটে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে গত শনিবার প্রথম আলোতে সংবাদও প্রকাশিত হয়। পরে নড়েচড়ে বসে প্রশাসন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে শহরের খঞ্জনপুর এলাকায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়। এতে জেলার ৩২টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, ডিলাররা উপস্থিত ছিলেন। জেলায় ৩২টি ইউনিয়নের ৩৬ হাজার ২৮২টি হতদরিদ্র পরিবারের কাছে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির কথা থাকলেও অনেক সচ্ছল পরিবারকে ওই কার্ড দেওয়া হয়। এ অনিয়ম দূর করতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, জয়পুরহাট জেলা প্রশাসক আবদুর রহমান।
অনুষ্ঠানে সব চেয়ারম্যানের পক্ষে বক্তব্য দেন জয়পুরহাট জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল আলম। তিনি কিছু অনিয়মের কথা স্বীকার করে বলেন, ১০ টাকা কেজি দরে চাল বিক্রির পরিপত্র ১০-১২ দিন আগে পেয়েছেন। অনিয়ম দূর করে একটি স্বচ্ছ তালিকা তৈরির জন্য তাঁরা সাত দিন সময় চেয়ে নেন।
সভায় পাঁচবিবির বাগজানা ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আইয়ুব হোসেন দাবি করেন, ১০ টাকা কেজি দামে চাল কেনার জন্য কার্ড করার কথা দরিদ্র লোকজনকে বললে তাঁরা টাকা দিয়ে চাল নিতে চাননি। এ জন্য সমস্যা হয়েছে।
সভায় আরও বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সাংসদ (পাঁচবিবি ও সদর) ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম প্রমুখ।
সাংসদ সামছুল আলম বলেন, ১০ টাকা কেজি মূল্যের চাল কোনোভাবেই সচ্ছল পরিবারের লোকজন পেতে পারেন না। দলমত-নির্বিশেষে হতদরিদ্র মানুষেরাই যেন ১০ টাকা মূল্যের চাল পান, সেদিকটির প্রতি লক্ষ রেখে তিনি সব চেয়ারম্যান-মেম্বারকে সঠিকভাবে কার্ড বিতরণের আহ্বান জানান। সরকারি নীতিমালার বাইরে কিছু করা যাবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি।
আবদুর রহিম ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেন, ১০ টাকা কেজি মূল্যের চাল বিক্রির অনিয়মের অভিযোগ রয়েছে। তিনি এসব অনিয়ম দূর করে সাত কার্যদিবসের মধ্যে সচ্ছল ব্যক্তিদের নামে দেওয়া কার্ড বাতিল করে স্বচ্ছ তালিকা জমা দিতে চেয়ারম্যানদের নির্দেশ দেন।