আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর তিন নেতার বিরুদ্ধে দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার সময় বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সে অনুযায়ী তাঁদের ২৬ ফেব্রুয়ারি এই ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে হবে।জামায়াত নেতাদের আইনজীবী শাহাদর্যা হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। জামায়াতের এই তিন নেতা হলেন: দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।৭ ফেব্রুয়ারি দেওয়া আদেশে ট্রাইব্যুনাল বলেন, প্রথম আলোর প্রতিবেদন অনুসারে, ৪ ফেব্রুয়ারি এক জনসভায় সেলিম উদ্দিন বলেছেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘...এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের নেতাদের বিরুদ্ধে রায় দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। যদি কাদের মোল্লার কিছু হয়, প্রতি ঘরে আগুন জ্বলবে....ট্রাইব্যুনালের “প্রতিহিংসাপরায়ণ রায়”কে প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’ট্রাইব্যুনাল বলেন, আইনগতভাবে প্রতিষ্ঠিত একটি আদালতের ভাবমূর্তি ও স্বাধীনতার জন্য এ ধরনের মন্তব্য চরম অবমাননাজনক বলে ট্রাইব্যুনাল মনে করেন।