সময় টিভির গাড়িচালক খুনের মামলায় আসামি রিমান্ডে
সময় টিভির গাড়িচালক জসিম উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার মানিক মিয়া ওরফে ভাগনে মানিক নামের এক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক এ কে এম জিয়াউর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথিপত্র ঘেঁটে দেখা গেছে, সময় টিভির গাড়িচালক নিহত জসিম সবুজবাগ থানার ১৫৭ মাদারটেক বাজারতলি নতুনপাড়া ইউনুস খন্দকারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাসায় ঘুমিয়ে পড়েন। কিন্তু রাত একটার দিকে অজ্ঞাত এক দুষ্কৃতকারী দরজার ছিটকিনি খুলে তাঁর ঘরে ঢোকে। ওই ব্যক্তির উপস্থিতি টের পেয়ে জসিম তাকে জাপটে ধরেন। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ওই দুষ্কৃতকারী তাঁকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে জসিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ২ সেপ্টেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় নিহত জসিমের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে সবুজবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যা মামলায় গ্রেপ্তার আসামি মানিক এর আগে ১০ থেকে ১২ বার জেল খেটেছেন। চুরি ও ছিনতাই করা তাঁর নেশা ও পেশা। তাঁর দেখানো মতে গত বুধবার রাতে হত্যায় ব্যবহৃত ছুরিটি মাদারটেক নতুনপাড়া ব্রিজের পাশের একটি দোকানের পেছন থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি।