সময় টিভির টক শোর রেকর্ড দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিতে গত ৩০ আগস্ট মঙ্গলবার সম্প্রচারিত টক শোর অডিও-ভিডিও ও শ্রুতলেখন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। চ্যানেলটির প্রধান নির্বাহী (সিইও) বা প্রযোজককে ৪ সেপ্টেম্বরের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে রেকর্ড জমা দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। গত মঙ্গলবার রাত ১০টায় চ্যানেলটির ‘সম্পাদকীয়’ নামে সম্প্রচারিত এই টক শো অনুষ্ঠানের বিষয় ছিল ‘যুদ্ধাপরাধের বিচার এবং “কাঠগড়ায়” প্রসিকিউশন’।

গতকাল আদালত বসার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ট্রাইব্যুনাল, এই আদালত ও মীর কাসেম আলীর রায় নিয়ে টক শোতে যেসব আলোচনা হয়েছে, তা আদালত অবমাননাকর কি না, খতিয়ে দেখা প্রয়োজন। আদালত বলেন, কোন টেলিভিশন চ্যানেলে। জবাবে মাহবুবে আলম বলেন, সময় টিভিতে। এরপর আদালত ওই নির্দেশ দেন।

মঙ্গলবারের ওই টক শোর অতিথি ছিলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশগুপ্ত। আর সঞ্চালনায় ছিলেন আহমেদ জোবায়ের।