সময় থাকতে সাবধান হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে ‘সাবধান’ করে দিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ঈদের পর বিএনপি কর্মসূচি শুরু করবে। তাঁরা বিশ্বাস করেন, এর মাধ্যমে সরকারকে বিদায় করতে পারবেন।
গতকাল মঙ্গলবার এক ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) রাজধানীর লেডিস ক্লাবে রাজনীতিকদের সম্মানে ওই ইফতারের আয়োজন করে।
ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন খালেদা জিয়া। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সময় থাকতে সাবধান হন, আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।...বন্দুকের জোর দেখাবেন না। এই বন্দুকই কাল হয়ে দাঁড়াবে, অনেক বড় শাস্তি পেতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে।’
দিন যত যাচ্ছে, গুম-খুন প্রতিনিয়ত বাড়ছে মন্তব্য করে খালেদা জিয়া এ অবস্থা থেকে উত্তরণে ‘ডান, বাম, ছোট, বড় সবাইকে’ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
র্যাব বিলুপ্তির দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘র্যাব যত দিন থাকবে, তত দিন গুম বন্ধ হবে না। র্যাব সিরিয়াল কিলারের মতো টাকার বিনিময়ে মানুষ খুন করছে।’
অনুষ্ঠানে এলডিপির সভাপতি অলি আহমদ ও মহাসচিব রেদওয়ান আহমেদ বক্তব্য দেন।