সময় থাকতে সাবধান হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমান যদি ইতিহাস বিকৃতির পথ পরিহার না করেন, তাহলে তাঁদের রাজনৈতিকভাবে বিতাড়িত করা হবে এবং রাজনীতির নাম ভুলিয়ে দেওয়া হবে। তাই বলি, সময় থাকতে সাবধান হোন।’
গতকাল রোববার বিকেলে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন আমির হোসেন আমু। ১৯৯৬ সালের ৩০ মার্চ খালেদা জিয়ার ক্ষমতা হস্তান্তরকে গণতন্ত্র পুনরুদ্ধার দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
সমাবেশে ত্রাণ ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী দাবি করেন, ‘খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন। ওনার বাইরে থাকা বিপজ্জনক। ওনার মাথা খারাপ হয়ে গেছে।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া আন্দোলন করে গণ-অভ্যুত্থান করতে চেয়েছেন। এবার আন্দোলনের নামে নৈরাজ্য করলে এমন শিক্ষা দেব, আর কোনো দিন আন্দোলনের নাম মুখে আনবেন না।’

দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে বিল
বিশেষ প্রতিনিধি
বহু আলোচিত দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
গতকাল রোববার সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে ‘আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৪’ বিলটি উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
চারদলীয় জোট সরকারের সময় ২০০২ সালে দ্রুত বিচার আইন জারি করে দুই বছরের জন্য তা কার্যকর করা হয়। এরপর বিভিন্ন সময়ে এ আইনের মেয়াদ বাড়ানো হয়।
আইনটির ধারা ১ এর উপধারা (২)-তে বারো বছর শব্দগুলোর পরিবর্তে সতেরো বছর শব্দগুলো প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে। এর ফলে আইনটি ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। এ আইন ২০১৪ সালের ৮ এপ্রিল থেকে কার্যকর হবে।
কার্য-উপদেষ্টা কমিটি পুনর্গঠন ও নয়টি স্থায়ী কমিটি গঠন: গতকাল সংসদে কার্য-উপদেষ্টা কমিটি পুনর্গঠন এবং নয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটির সভাপতি ও সদস্যদের নাম প্রস্তাব করেন। পরে সংসদে তাঁরা সর্বসম্মতভাবে নির্বাচিত হন।
কার্য-উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী মনোনীত হয়েছেন। লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী, সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সরকারি প্রতিশ্রুতি কমিটির সভাপতি কাজী কেরামত আলী, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি জিল্লুল হাকিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি টিপু মুন্সী, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি আবদুল মতিন খসরু এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে আবদুর রাজ্জাক মনোনীত হয়েছেন।