ফরিদপুরে বখাটেদের মোটরসাইকেল চাপায় নিহত চাঁপা রানী ভৌমিকের হত্যার এক বছর আজ ২৬ অক্টোবর বুধবার।হত্যা মামলার আসামি দেবাশীষ সাহা ওরফে রনি চার্জ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছেন। এ নিয়ে এখনো শুনানি হয়নি। এ ব্যাপারে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে চাঁপা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. খসরুজ্জামান বলেন, অহেতুক সময়ক্ষেপণের জন্য আসামিপক্ষ হাইকোর্টে ওই আবেদন করেছেন।ফরিদপুর চিনিকলের করণিক চাঁপা রানীর স্কুলপড়ুয়া এক মেয়েকে যৌন হয়রানি করতেন আসামি দেবাশীষ। চাঁপা এ ঘটনার বিচার চাইলে ক্ষুব্ধ হন তিনি। গত বছরের ২৬ অক্টোবর দেবাশীষ এবং তাঁর দুই সহযোগী আলমগীর হোসেন ও সঞ্জয় কুমার বিশ্বাস মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় মোটরসাইকেলে চাপা দিয়ে হত্যা করেন চাঁপা রানীকে। এর পরদিন দেবাশীষ ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মধুখালী থানায় হত্যা মামলা করেন চাঁপার ভাই। গত ১৫ মে জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারায় চার্জ গঠন করা হয়। বাদীর সাক্ষ্য নিয়ে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণপর্ব।জেলা ও দায়রা জজ আদালতে ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণ শুরু হলে আসামিপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র দাস চার্জ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার কাগজপত্র আদালতে উপস্থাপন করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল বারী এক লিখিত পত্রে আদালতকে জানান, হাইকোর্টে করা ওই আবেদনের ওপর ১৭ অক্টোবর শুনানি হওয়ার কথা ছিল।জেলা ও দায়রা আদালতে লিখিত এসব কাগজপত্র দাখিল করে আসামিপক্ষের আইনজীবী সাক্ষ্য গ্রহণ স্থগিত রাখার আবেদন করেন। আবেদন গ্রহণ করে আদালত আগামী ৯ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।চাঁপা রানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মধুখালীর বাস ভবনে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।