সময় নিয়ে ভুল-বোঝাবুঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হওয়ার সময় নিয়ে গতকাল শুক্রবার ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। সকাল নয়টায় পরীক্ষা শুরু হলেও অনেক শিক্ষার্থী ১০টায় শুরু হবে ভেবে পরীক্ষাকেন্দ্রে দেরি করে উপস্থিত হয়।
বিলম্বে পরীক্ষার হলে এসে অনেক শিক্ষার্থী কান্নাকাটি করে। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকেরা তাদের সঠিক খবর না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা ভেবেছিল, নির্ধারিত সময় ১০টায় পরীক্ষা শুরু হবে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু জিয়াউল হক প্রথম আলোকে বলেন, জেএসসি পরীক্ষার নির্ধারিত সময় সকাল ১০টা থেকে একটা। হরতালের কারণে ওই পরীক্ষা শুক্রবার সকাল নয়টা থেকে শুরু হয়। এটি আগেই সব স্কুলে জানানো হয়। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তার পরও ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে এলে তাদের পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে।
এদিকে বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৯৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থীর জেএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও গতকাল দুই হাজার ২০৫ জন অনুপস্থিত ছিল।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল নগরের এ কে স্কুল, জগদীশ স্বারসত বালিকা বিদ্যালয়, হালিমা খাতুন বালিকা বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা শুরুর ১৫ মিনিট পরও শিক্ষার্থীরা প্রবেশ করেছে। এসব শিক্ষার্থীর অভিভাবকেরা জানান, পরীক্ষার সময়সূচিতে লেখা ছিল সকাল ১০টায়। পরীক্ষার তারিখের সঙ্গে সময় পরিবর্তনের বিষয়টি জানা ছিল না। তাই দেরি হয়েছে।
অভিভাবক আকলিমা বেগম বলেন, ‘হরতালে স্কুল বন্ধ ছিল। টেলিভিশনে জানতে পেেরছি পরীক্ষা হরতালের কারণে শুক্রবার হবে। কিন্তু সকাল নয়টায় যে হবে তা উল্লেখ ছিল না।’
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন জানান, ৪৯ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে সেটা পরীক্ষার সময়সূচির জন্য কি না, তা তিনি জানেন না।
ঝিনাইদহ: সদর উপজেলার হরিপুর গ্রামের শাহজাহান আলীর মেয়ে শারমিন আক্তার পরীক্ষা দিতে আসে পৌনে ১০টায়। তার মা রেবা আক্তার জানান, তঁারা জানতেন পরীক্ষা সকাল ১০টায় শুরু হবে। আগামী রোববারও সকাল ১০টায় হবে। কিন্তু শুক্রবার যে নয়টার পরীক্ষা শুরু হওয়ার কথা সেটা শিক্ষকেরা ছাত্রছাত্রীদের ঠিকভাবে জানাননি। যে কারণে এ সমস্যা দেখা দিয়েছে।
সরকারি বালক বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছিল সাগর আহম্মদ। সে জানায়, সময় না পাওয়ায় সে ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি।
পানামী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম জানান, যে শিক্ষার্থীরা তঁাদের কাছে সময় জানতে চেয়েছে, তাদের সেভাবে জানানো হয়েছে। তা ছাড়া টেলিভিশনে আগে থেকেই খবর প্রচার করা হয়েছিল। তার পরও যারা সময়মতো আসতে পারেনি, এটা তাদের ভুল।
জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম জানান, কিছু শিক্ষার্থীর এ সমস্যা হয়েছে। ওই শিক্ষার্থীদের ঠিকভাবে সময় জানা প্রয়োজন ছিল। ছুটির দিন হওয়ায় নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা আগে পরীক্ষার সময় দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তঁাদের কিছু করার নেই।
চুয়াডাঙ্গা: জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলা থেকে ১১ হাজার ৯৮৮ জন জেএসসি ও এক হাজার ৬০৫ জন জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করে। এর মধ্যে জেএসসিতে ৩০২ জন ও জেডিসিতে ৯৩ জন শিক্ষার্থী গতকাল অনুপস্থিত ছিল। এ বছর জেলার ১৬টি কেন্দ্রে জেএসসি ও পাঁচটি কেন্দ্রে জেডিসি পরীক্ষা নেওয়া হয়।
সরেজমিন ঘুরে অনেক কেন্দ্রেই শিক্ষার্থীদের আধা ঘণ্টা থেকে পৌনে এক ঘণ্টা পর্যন্ত দেরি করে কেন্দ্রে উপস্থিত হতে দেখা গেছে। সময়ের অভাবে ওই সব শিক্ষার্থী ঠিকমতো প্রশ্নের উত্তর লিখতে পারেনি।