সময় পার হওয়ার পরও কর্মসূচি নেই ১৮ দলের
নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণে সরকারকে দুই দফা চরমপত্র দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। সর্বশেষ ৪ মে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ও পার হয়ে গেছে দুই দিন আগে। কিন্তু সরকারকে দাবি মানতে বাধ্য করার মতো কোনো কর্মসূচি দিতে পারেনি আন্দোলনরত বিরোধী জোট।এর আগে গত বছরের ১২ মার্চ দাবি মানতে সরকারকে ৯০ দিন সময় বেঁধে দিয়েছিলেন খালেদা জিয়া। ওই সময় পার হলে ১১ জুন ঢাকায় সমাবেশ করে তিনি ঘোষণা দেন, ‘ঈদের পর’ কঠোর কর্মসূচি দিয়ে দাবি মানতে বাধ্য করা হবে। এরপর দুটি ঈদ চলে গেলেও কোনো কঠোর কর্মসূচি দেখা যায়নি। এবার সময় পার হওয়ার পর এ বিষয়ে জোটের কেউ প্রকাশ্যে কিছু বলছেন না। টানা অবস্থান নেওয়ার যে ইঙ্গিত খালেদা জিয়া দিয়েছিলেন, আপাতত সে রকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, গত বছর যে আলটিমেটাম (চরমপত্র) দেওয়া হয়েছিল, সেটা অনেক আগে দেওয়াটা ভুল ছিল। কিন্তু এবারের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। হেফাজতের সঙ্গে মিলে সরকারকে একটা বড় ধাক্কা দেওয়ার কৌশল নেওয়া হয়েছিল। হেফাজত আরেকটি দিন অবস্থান করতে পারলে বিএনপির অবস্থান সঠিক বলেই বিবেচিত হতো। কিন্তু তা না হওয়ায় জোটের এই কৌশল আপাতত ব্যর্থ বলা যায়।জানা গেছে, গত সোমবার স্থায়ী কমিটির সভায় ৬, ৭, ৮ ও ৯ মে হেফাজতের সঙ্গে মিলিয়ে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু ৬ মে বিক্ষোভ কর্মসূচি দিলেও তা করতে পারেনি জোট। সহজ কর্মসূচি হিসেবে শুধু দুই দিন হরতাল দেয় জোট।জোটের একাধিক নেতা জানান, শুক্রবারের আগে নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা নেই। নির্দলীয় সরকারের দাবিতে আগামী সপ্তাহে দুই দিন রাজপথ, নৌপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি দেওয়া হতে পারে।সময় শেষ হওয়ার পর বিএনপি কী ধরনের কর্মসূচি দেবে, এমন প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছিলেন, মঙ্গলবার বিবৃতির মাধ্যমে এ বিষয়ে জানানো হবে। ওই দিন দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হলেও তাতে কর্মসূচির বিষয়ে কোনো উল্লেখ ছিল না।খন্দকার মোশাররফ গতকাল প্রথম আলোকে বলেন, ৪৮ ঘণ্টা চলে গেছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বা কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্যে হেফাজতে ইসলামের কর্মীদের হত্যার মধ্য দিয়ে আরেকটি প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাই সময় পার হওয়ার পরও এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেওয়া হয়নি।