সময় পেরিয়ে গেলেও টাকা না মেলায় মেরামত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনু নদের বেলেরতল এলাকার বাঁধ গত বছর বর্ষায় ভেঙে পড়েছিল। সেই থেকে বাঁধ প্রায় উন্মুক্ত অবস্থায় আছে। কাজের মৌসুমও প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু এখনো বাঁধ মেরামত করা হয়নি। নদে পানি বাড়লেই বন্যার আশঙ্কায় থাকে এলাকাবাসী।প্রতিরক্ষামূলক কাজের জন্য অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ করা হয়নি। এটা শুধু বেলেরতলের বাস্তবতা নয়, মৌলভীবাজারে মনু নদের অন্তত ১০ থেকে ১১টি স্থানের পরিস্থিতি একই রকম ঝুঁকিতে। পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ জানান, বেলেরতলে বাঁধ নেই। নদে পানি বাড়লেই এলাকায় পানি ঢুকবে। কাজের মৌসুমও শেষ হয়ে গেছে। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলেছে, বাঁধ ভাঙলে বা ভাঙার উপক্রম হলে তাৎক্ষণিকভাবে কাজ করবে। কোন ভরসায় মানুষ মাঠে ধান রোপণ করবে? হাজীপুর ইউপির চেয়ারম্যান মাহমুদ আলী প্রথম আলোকে বলেন, ‘এসব স্থানে বাঁধের বেশির ভাগ অংশই ভেঙে পড়েছে। নদে পানি বাড়লে বাঁধের ওপর দিয়ে পানি যাবে। পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলেছি। তারা বলেছে, স্কিম দেওয়া আছে, কিন্তু ফান্ড নেই। তাই কাজ করা যাবে না।’প্রত্যক্ষদর্শীরা জানান, এর বাইরেও মনু নদের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ও রাজনগর উপজেলার কামারচাক ইউপির বিভিন্ন স্থানের বাঁধ ধসে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, মনু নদের প্রায় ১১টি স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব স্থানে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ করতে গেলে অন্তত ১১ কোটি টাকার দরকার।এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান গত বুধবার বলেন, ‘কাজ করার জন্য বরাদ্দ চাইছি, বরাদ্দ পাইনি। এ নিয়ে কুলাউড়ার এমপি সাহেবের সঙ্গেও দেখা করেছি, যাতে সংসদে ভাঙনের কথাটা তোলেন। স্থানগুলোতে ভাঙনপ্রবণতা বেশি। স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ দরকার। কিন্তু বরাদ্দ না থাকায় কোনো কাজই করা হয়নি। তিনটি জায়গায় (মখাবিল, গুলেরহাওর ও শরীফপুর) কাজ চলছিল, তা-ও বন্ধ হওয়ার পথে। গত বছর বৃষ্টি কম হওয়ায় সমস্যা হয়নি। এবারও চাইছি, বৃষ্টি কম হলে কোনো রকম সময়টা পার করে দেব।’