সময় পেরিয়ে গেলেও ভিজিএফের চাল পাননি দরিদ্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্র মানুষের মধ্যে ভিজিএফের চাল বিতরণের সময়সীমা পার হয়ে তিন সপ্তাহ চলে গেলেও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর ইউনিয়নের বরাদ্দ চাল এখনো বিতরণ করা হয়নি। এ চাল আত্মসাৎ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশ না করার শর্তে দুস্থ গোষ্ঠীর খাদ্যসহায়তা কর্মসূচির (ভিজিএফ) কার্ডধারী কয়েকজন জানান, চাল বিতরণের জন্য চেয়ারম্যানকে একাধিকবার বললেও তিনি কান দিচ্ছেন না। এ চাল আত্মসাৎ করার জন্যই তিনি এমন করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ভিজিএফের আওতায় এ উপজেলার ১০টি ইউনিয়নের ১০ হাজার দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। ৩১ জানুয়ারির মধ্যে এ চাল বিতরণ করার সরকারি নির্দেশনা ছিল। উপজেলার নয়টি ইউনিয়নে দরিদ্রদের মধ্যে এ চাল বিতরণ করা হয়েছে। তবে ধরমপাশা সদর ইউনিয়নে এখনো এ চাল বিতরণ করা হয়নি। পিআইও জিল্লুর রহমান বলেন, ‘আমি চেয়ারম্যানকে ভিজিএফের চাল বিতরণের জন্য একাধিকবার বলেছি, কিন্তু কেন চাল বিতরণ করা হচ্ছে না, তা বুঝতে পারছি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খালেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ভিজিএফের চাল বিতরণ না করার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ ধরমপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, চাল আত্মসাৎ করার পাঁয়তারার অভিযোগ সঠিক নয়। নানা কাজে ব্যস্ত থাকায় চাল বিতরণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দু-এক দিনের মধ্যেই এ চাল বিতরণ করা হবে।