সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার আটটি হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। এতে হাওরের একমাত্র বোরো ফসল নিয়ে কৃষকেরা শঙ্কিত রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দাবি, ৮টি বাঁধের কাজ গড়ে ৬০ শতাংশ হয়েছে। কিন্তু স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, ৩০ থেকে ৩৫ শতাংশ কাজ হয়েছে।
সুনামগঞ্জ পাউবো কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্র সোনার থাল হাওর, ধানকুনিয়া, জয়ধনা, সোনামড়ল, ঘোরাডোবা, কাইলানী, ঘুরমা, ঘুরমার বর্ধিতাংশসহ ৮টি হাওর রয়েছে। ৮টি হাওরে ২৬টি প্রকল্পের বিপরীতে ১ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। গত বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে বাঁধের মেরামত শুরু করার কথা ছিল। কিন্তু কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারির শুরুতে। কাজ দেরিতে শুরু করায় বাঁধ দিয়ে পানি ঢুকে শয়তানখালী ও পাশুয়া হাওরের ৩৭৫ একর বোরো জমি তলিয়ে গেছে।
গত রোববার বেলা ১১টার দিকে চন্দ্র সোনার থাল হাওরের গাগলাখালী ফসল রক্ষা বাঁধের ভাঙা বন্ধকরণ ও মেরামতকাজে দুই-তিনজন শ্রমিক পাওয়া যায়। এই বাঁধের দুই অংশে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। নৌকা দিয়ে বাঁধের ভেতরে বালু ফেলা হচ্ছে।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও গাগলাখালী ফসল রক্ষা বাঁধের প্রকল্প কমিটির সভাপতি সঞ্জয় রায় চৌধুরী বলেন, বাঁধের কাজে কোনো অনিয়ম হয়নি।
জয়শ্রী ও ধরমপাশা সদর ইউনিয়নের মধ্যবর্তী কাইঞ্জা ও মুগরাইন ফসল রক্ষা বাঁধে বরাদ্দ দেওয়া হয়েছে তিন লাখ টাকা। কাইঞ্জা বাঁধের অংশে মাটি ফেলা হলেও মুগরাইন বাঁধে এখনো কাজ শুরু হয়নি। গত মঙ্গলবার দুপুরে এই চিত্র দেখা গেছে। তবে প্রকল্প কমিটির সভাপতি ও জয়শ্রী ইউপির সদস্য মুখলেছুর রহমান দাবি করেন, ‘দু-এক দিনের মধ্যে মুগরাইন বাঁধের কাজ শুরু করব।’
চন্দ্র সোনার থাল হাওর, ধানকুনিয়া ও জয়ধনা হাওরের ১৮টি প্রকল্পকাজে তদারকির দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন দাবি করেন, এখন পর্যন্ত গড়ে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। একই কথা বলেন ঘোরাডোবা, কাইলানী, ঘুরমা ও ঘুরমার বর্ধিতাংশ হাওরের ১২টি প্রকল্পের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আলী রেজা। সোনামড়ল হাওরের ৬টি প্রকল্পকাজের তদারকির দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী নিহার রঞ্জন দাস দাবি করেন, এখন পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
সুনামগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, এই বছর পানিসম্পদ মন্ত্রণালয় থেকে দেরিতে অর্থ বরাদ্দ পাওয়া গেছে। কাজের সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। কাজে কোনো অনিয়ম হচ্ছে না।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কারও গাফিলতির কারণে হাওরের বোরো ফসলডুবির ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।