সময় পেলেই পরিচ্ছন্নতা নিয়ে ক্যাম্পেইন করেন এই শিক্ষক
পেশায় সরকারি কলেজের গণিতের শিক্ষক। চাকরি ও সংসার সামলে যখনই সময় পান, তখনই পরিচ্ছন্নতা-ক্যাম্পেইন নিয়ে রাস্তায় নেমে পড়েন। এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মনে দাগ কেটে যদি পরিচ্ছন্নতার প্রতি তাঁদের সচেতনতা সামান্যও বাড়ানো যায়, তাতেই তাঁর স্বস্তি।
এই শিক্ষকের নাম মো. আমিনুল ইসলাম। বর্তমানে গণিতের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন গাজীপুর সরকারি মহিলা কলেজে। ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি। ১৯৯৯ সালে শেষ করেন পড়াশোনা। পরে বিসিএস (সাধারণ শিক্ষা) ২৪তম ব্যাচে আমিনুল ইসলাম যোগ দেন শিক্ষকতায়।
গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শতবর্ষের মিলনমেলার অনুষ্ঠানে দেখা হয় আমিনুল ইসলামের সঙ্গে। অন্য প্রাক্তন শিক্ষার্থীরা যখন পুরোনো বন্ধুদের সঙ্গে আড্ডা, সেলফি তোলা কিংবা আলোচনা অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন, আমিনুল তখন খেলার মাঠের সামনের রাস্তায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইনে ছিলেন। তিনি চারকোনা একটি বাক্সের ভেতরে অবস্থান করছিলেন। বাক্সের ওপর লেখা ছিল পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক নানা কথা, ছিল যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বানও।
আমিনুল ইসলাম জানান, ২০১৪ সাল থেকে তিনি পরিচ্ছন্নতা নিয়ে ব্যক্তিগত জায়গা থেকেই এ ধরনের ক্যাম্পেইন করে আসছেন। পরিচ্ছন্নতার বার্তা নিয়ে এ পর্যন্ত বিভিন্ন জেলায়ও গেছেন৷ তিনি আরও বলেন, ‘আমার এই ক্যাম্পেইন একটু হলেও মানুষের মনে দাগ কাটবে বলে বিশ্বাস করি। এ দাগই তাঁদের মধ্যে একটু পরিবর্তন আনুক, সেটাই আমার চাওয়া। প্রশাসনের চিন্তা-ভাবনায়ও এ পরিবর্তন আসা দরকার। চাকরি ও সংসার সামলে যখনই সময় পাই, তখনই এ ক্যাম্পেইনে বের হই৷’
শিক্ষক আমিনুল ইসলামের ব্যক্তিগত এ উদ্যোগ নিয়ে আগেও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বর্তমানে পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সংগঠন বিডি ক্লিনের গাজীপুর জেলার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন আমিনুল।