সময় পেলেন জিয়াউদ্দিন
বিচারপতি নিজামুল হকের সঙ্গে কথিত স্কাইপ কথোপকথন বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে বেলজিয়াম-প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনকে আরও সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাঁকে ৩০ এপ্রিল পর্যন্ত সময় দেন।এ-সংক্রান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, আহমেদ জিয়াউদ্দিন ব্যাখ্যা দেওয়ার বিষয়ে সময় চেয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে আবেদন করেছেন। তাই ব্যাখ্যা দিতে তাঁকে ১০ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়া হবে।ট্রাইব্যুনাল-১-এর পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে কথিত স্কাইপ কথোপকথন বিষয়ে প্রবাসী আইনজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনকে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে গত ৩ জানুয়ারি কারণ দর্শানোর নোটিশ জারি করেন ট্রাইব্যুনাল-২। ৭ ফেব্রুয়ারি ব্রাসেলসের বাংলাদেশ মিশনে তাঁকে ব্যাখ্যা জমা দিতে বলা হয়। আলীমের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৪ ফেব্রুয়ারি: একই ট্রাইব্যুনালে বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রাষ্ট্রপক্ষের একাদশতম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত অসুস্থ হয়ে পড়ায় ট্রাইব্যুনাল ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করেন।