সময় বাড়লেও চুক্তি করেননি ৪৩ ভাগ চালকলমালিক
লালমনিরহাটের পাঁচ উপজেলায় চুক্তির মেয়াদ ১১ দিন বাড়ানোর পরও মাত্র ২২৮ জন চালকলমালিক সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহের চুক্তি করেছেন। এতে লক্ষ্যমাত্রার মাত্র ৫৭ শতাংশ চাল সংগ্রহ করা হবে জেলার সরকারি খাদ্যগুদামে। জেলায় মোট চালকল আছে ৪৭০টি।
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বোরো মৌসুমে খাদ্য বিভাগের মাধ্যমে সরকারি চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯ হাজার ৫৬০ টন। জেলার চালকল/মিলমালিকেরা ৫ হাজার ৮৪৪ দশমিক ৭১০ টন চাল সরবরাহের চুক্তি করেছেন।
এ বছর চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করতে মিলমালিকদের প্রথমে গত ২০ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় সরকার। এ সময়ের মধ্যে জেলার পাঁচটি উপজেলায় ২০৯টি চালকল/মিলের মালিক খাদ্য বিভাগের সঙ্গে ৫৪৬৩ দশমিক ৫৯০ টন চাল সরবরাহের চুক্তি করেন। পরে চাল সরবরাহে চুক্তির সময়সীমা ১১ দিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়। এ সময় নতুন করে আরও ১৯ জন চালকলমালিক আরও ৩৮২ টন চাল সরবরাহের জন্য চুক্তি করেন। এদিকে গত ১০ দিনে (২৮ মে থেকে ৭ জুন পর্যন্ত) লালমনিরহাট সদর উপজেলায় ১৯০ দশমিক ৮০, আদিতমারীতে ৮৬ ও কালীগঞ্জ উপজেলায় ১০ টন চাল সরকারি খাদ্যগুদামে সংগ্রহ করা হয়েছে। জেলার হাতীবান্ধা ও পাটগ্রামে এখন পর্যন্ত এক ছটাক চালও সংগ্রহ করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ উপজেলায় ৩৯ জন চালকলমালিক ৭৩৪ দশমিক ৬৩০, হাতীবান্ধায় ৪৩ জন চালকলমালিক ৬৪৫ দশমিক ৯৩০ এবং পাটগ্রামে ৩২ জন চালকলমালিক ১০০২ দশমিক ৩৯০ টন চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মিলের মালিক বলেন, এ বছর সরকার–নির্ধারিত চালের দরের চেয়ে বাজারে চালের দর বেশি। সরকার দিচ্ছে প্রতি কেজি ৩৪ টাকা করে। আর বাজারে এখন মোটা চালের দর প্রতি কেজি ৩৯ থেকে ৪০ টাকা। সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করলে প্রতি কেজিতে মিলের মালিকদের পাঁচ থেকে ছয় টাকা করে লোকসান হবে। কোনো কোনো মিলের মালিক পুঁজি হারানোর ভয়েও শঙ্কিত।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চুক্তি করে সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ না করা হলে জামানত বাজেয়াপ্তসহ ভবিষ্যতে এ ধরনের চালকলের সঙ্গে চুক্তি না করা কিংবা লাইসেন্স বাতিলের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক ৫ থেকে ৭ জন চালকলমালিক বলেন, ‘সরকার শেষ পর্যন্ত তাঁদের বড় ধরনের ক্ষতি হয়, এমন কিছু করবেন না বলেই তাঁদের বিশ্বাস করি।’
লালমনিরহাট জেলা চালকল মালিক সমিতির সভাপতি শেখ আবদুল হামিদ বলেন, ‘সরকারের মন্ত্রী (খাদ্য) ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন মহলের আহ্বানে সাড়া দিয়ে আমার ব্যবসায়িক এবং আর্থিক ক্ষতি হবে জেনেও ৮৭৯ দশমিক ৩৯০ টন চাল সরবরাহের চুক্তি করেছি। এরই মধ্যে আমি ১২০ টন চাল খাদ্যগুদামে সরবরাহ দিয়েছি।’ তিনি আরও বলেন, তবে জেলার অন্যান্য ছোট ও মাঝারি চালকলমালিকেরা বর্তমান সরকারি দরে চাল সরবরাহ করলে ব্যবসায়িকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। চালের দর বাড়িয়ে এসব ব্যবসায়ীর ক্ষতি কমাতে সরকার উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
লালমনিরহাট জেলা (ভারপ্রাপ্ত) খাদ্যনিয়ন্ত্রক ও লালমনিরহাট সদর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুস সালাম মিয়া বলেন, এ বছর সরকারি ক্রয়মূল্যের চেয়ে চালের বাজারমূল্য বেশি। এ কারণে মোট চালকলমালিকদের ৪৩ ভাগ চাল সরবরাহের চুক্তি করেননি। যাঁরা চুক্তি করেছেন, তাঁরাও খুব ধীরগতিতে চাল সরবরাহ করছেন। কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মাত্র দুজন চালকলমালিক পাঁচ টন করে মোট ১০ টন চাল সরকারি খাদ্যগুদামে সরবরাহ করেছেন। এ ছাড়া চাল সরবরাহের এ মৌসুমে প্রতিবছর খাদ্যগুদাম চত্বরে যে ধরনের লোকসমাগম, ভিড়, কুলিসহ অন্যদের যে তৎপরতা দেখা যায়, তা এ বছর দেখা যাচ্ছে না।