রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় সময় বিভ্রাটে পড়েছিল দুই শতাধিক শিক্ষার্থী। এ কারণে নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে উপস্থিত হয় ওই পরীক্ষার্থীরা।
পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক জানান, গত রোববার (২ নভেম্বর) থেকে ওই পরীক্ষা শুরুর কথা ছিল। পরীক্ষা শুরুর সময় ছিল সকাল ১০টা। কিন্তু মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমানের ফাঁসির আদেশ দেন। এর প্রতিবাদে জামায়াত তিন দিনের হরতাল আহ্বান করলে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। ২ নভেম্বরের স্থগিত জেএসসির বাংলা প্রথম পত্র এবং জেডিসির কোরআন মজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা গতকাল সকাল নয়টায় শুরু হয়। এই নতুন সময়সূচি এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জানান কেন্দ্রসচিবেরা।
তবে বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল নয়টা ২০ মিনিটে পরীক্ষা দিতে আসা জেনুফা খাতুন বলে, ‘আমাদের রুটিনে ছিল, পরীক্ষা হবে সকাল ১০টায়। আজ (শুক্রবার) সকাল নয়টায় পরীক্ষা শুরু হবে তা আমাদের কেউ জানায়নি।’
ছয়টি পরীক্ষা কেন্দ্রের সচিবের সঙ্গে কথা বলে জানা গেছে, এই দুই উপজেলায় দুই শতাধিক শিক্ষার্থী সময় বিভ্রাটে পড়ে সকাল নয়টার পরে কেন্দ্রে পরীক্ষা দিতে আসে। ২ নভেম্বরের স্থগিত পরীক্ষা শুক্রবার হবে তা জানতে না পেরে কেউ কেউ ওই দিন পরীক্ষায় অনুপস্থিত থাকে। বদরগঞ্জের তিনটি জেএসসি ও একটি জেডিসি পরীক্ষা কেন্দ্রে গতকাল ৬৯ জন অনুপস্থিত ছিল। তারাগঞ্জের তিনটি কেন্দ্রে অনুপস্থিত ছিল ৩৪।
বদরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব হেলাল হোসেন জানান, নির্দেশনা অনুযায়ী শুক্রবারের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিদ্যালয়ের প্রধানদের আগেই জানানো হয়েছে। এর পরও কিছু পরীক্ষার্থী সময় বিভ্রাটে পড়ে সকাল নয়টার পরে পরীক্ষা দিতে আসে।
কুড়িগ্রামের পরীক্ষার্থীরাও ভোগান্তির শিকার: কুড়িগ্রাম অফিস জানায়, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। তবে পরিবর্তিত তারিখে পরীক্ষার সময় পরিবর্তন হওয়ায় বিড়ম্বনায় পড়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি সকাল ১০টায় নির্ধারিত থাকলেও গতকালের পরীক্ষা সকাল নয়টায় শুরু হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ের পর পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়।