
রংপুর বিভাগীয় শহরের প্রধান সড়ক প্রশস্ত করে তা চার লেনে উন্নীতকরণের কাজ শেষ করা নিয়ে সৃষ্ট জটিলতা কাটছেই না। ইতিমধ্যে তিন দফা সময় বাড়ানো হয়েছে। তবে কাজের কাজ হয়েছে মাত্র ৬০ শতাংশ। এ অবস্থায় নগরবাসীর দুর্ভোগ শিগগিরই দূর হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সড়কটির মাত্র এক কিলোমিটার অংশের কাজে ভূমি অধিগ্রহণসংক্রান্ত পাঁচটি মামলার কারণে এ অচলাবস্থা চলছে বলে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানিয়েছে।
সূত্রটি জানায়, নগরের ১৬ কিলোমিটার দীর্ঘ ওই সড়ক প্রশস্ত করে চার লেনে উন্নীতকরণের কাজ চলছে। ২০১০ সালের জুনে শুরু হয়ে ২০১২ সালের জুনে সড়কটির কাজ শেষ হওয়ার কথা ছিল। পরে তিন দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ চলতি বছর জুনে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই কাজে নগরের পায়রা চত্বর থেকে শাপলা চত্বর পর্যন্ত এক কিলোমিটার অংশে জমি রয়েছে এমন পাঁচজন ব্যবসায়ী হাইকোর্টে মামলা করেছেন। সড়কের এই অংশের মধ্যেই অধিকাংশ বিপণিবিতান, ব্যাংক-বিমা, বেসরকারি অফিস ও বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। সরকারি মাপজোক অনুযায়ী, এ অংশের সড়কের দুই পাশের কিছু ব্যবসাপ্রতিষ্ঠান এরই মধ্যে নিজ নিজ স্থাপনার কিছু অংশ ভেঙে ফেলেছে। অন্য অংশের ব্যবসায়ীরা তাঁদের স্থাপনার অংশবিশেষ ভেঙে কাজে সহায়তা করেছেন।
সরেজমিনে দেখা গেছে, মেডিকেল মোড় থেকে শহরের ভেতর দিয়ে পায়রা চত্বর পর্যন্ত তিন কিলোমিটার অংশে সড়ক বিভাজক নির্মাণসহ অন্য কাজ সম্পন্ন হয়েছে। আর মেডিকেল মোড় থেকে বাইপাস ও মডার্ন মোড় হয়ে শাপলা চত্বর পর্যন্ত ১২ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে শতকরা ৬০ ভাগ। বাকি ৪০ শতাংশ কাজও চলছে ঢিমেতালে।
নগরবাসী বলেছেন, দীর্ঘ সাড়ে তিন বছরে যেখানে কাজ হয়েছে মাত্র ৬০ শতাংশ। চলছে মামলাসংক্রান্ত জটিলতাও। মামলা জটিলতার জেরে এক কিলোমিটার সড়কের দরপত্র আহ্বান এখনো শুরুই করা সম্ভব হয়নি। এ অবস্থায় আগামী জুনের মধ্যে পুরো কাজ কীভাবে শেষ হবে, তা নিয়ে রয়েছে যথেষ্ট সংশয়।
সূত্রমতে, ১৬ কিলোমিটার সড়কের এই কাজে পাঁচটি গ্রুপে ব্যয় ধরা হয়েছে ১২৬ কোটি ৫৮ লাখ টাকা। চারটি গ্রুপের কাজের দরপত্র পর্যায়ক্রমে আহ্বান করা হয়। যে গ্রুপের কাজের দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি সেটি পায়রা চত্বর থেকে শাপলা চত্বর পর্যন্ত এক কিলোমিটার অংশের। দরপত্র অনুযায়ী, সড়কটির কাজের ব্যয় ১২৬ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে জমি অধিগ্রহণ, দোকানপাট ও বাড়িঘর ভাঙা, বিদ্যুৎ, টেলিফোন খুঁটি অপসারণ ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানির পাইপলাইন সরানো বাবদ ৫৫ কোটি ৬২ লাখ টাকা দেওয়া হয়েছে।
যেসব মামলার কারণে এই এক কিলোমিটারের কাজ বন্ধ আছে তার বাদীরা হলেন শফিকুল ইসলাম (বড় ব্যবসায়ী), শফিকুল ইসলাম (ক্ষুদ্র ব্যবসায়ী), এ কে এম মোফাখখারুল ইসলাম, মো. শহীদুল ইসলাম ও মো. মাহফুজার রহমান। মামলাগুলো গত বছর দায়ের করা হয়।
শফিকুল ইসলাম (বড় ব্যবসায়ী) বলেন, সড়ক প্রশস্তকরণে হোটেলের কিছু অংশ ভেঙে ফেলা হবে। এর ফলে পুরো ভবন ক্ষতিগ্রস্ত হবে। এ জন্য পুরো ভবনের ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে।
এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, সড়কটি প্রশস্ত করে ৬৫ ফুটের পরিবর্তে ৫৬ ফুট করার দাবি জানানো হয়েছে। এতে তাঁর ভবন রক্ষা হবে। একই ধরনের কথা বলেছেন অন্য তিন বাদী।
সড়ক ও জনপথ বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম স্থাপনা ভাঙা নিয়ে কাজে বিলম্ব হওয়ায় নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী, চার লেনে সড়ক প্রশস্তকরণের কাজে সড়কে ডিভাইডার, দুই পাশে ফুটপাত ও নর্দমা নির্মাণে ৬৫ ফুট জায়গার প্রয়োজন। ১৬ কিলোমিটারের মধ্যে ১৫ কিলোমিটারে কোনো সমস্যা হলো না। শহরের মধ্যে অনেকেই নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দিয়েছেন। শুধু এক কিলোমিটারে পাঁচজন ব্যবসায়ীয় পক্ষ থেকে সমস্যা দেখা দেওয়ায় সড়কটির কাজ সম্পন্ন হওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
এদিকে মামলার কারণে এক কিলোমিটার কাজে সমস্যা হতে পারে, কিন্তু পুরো কাজেই কেন অগ্রগতি নেই—এ প্রশ্নের কোনো সদুত্তর কর্তৃপক্ষের কাছ থেকে মেলেনি।