প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রতিটি উত্তরপত্র মূল্যায়নের জন্য পরীক্ষকেরা সময় পাচ্ছেন মাত্র চার মিনিট। এতে উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁরা প্রথম আলোর এ প্রতিবেদককে বলেন, তড়িঘড়ি করে উত্তরপত্র মূল্যায়ন করতে গেলে ভুলত্রুটি হওয়ার আশঙ্কা বেশি থাকে।জানা গেছে, এবার ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে ছয় হাজার ৭৮৩ জন ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। আর এই-সংখ্যক ছাত্রছাত্রীর পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য ৩৫ জন পরীক্ষক নিয়োগ করা হয়েছে। সেই হিসাবে প্রত্যেক পরীক্ষক ২০০টি উত্তরপত্র পাচ্ছেন। আর ওই ২০০টি উত্তরপত্র দুই দিনে (সকাল ১০ থেকে বিকেল পাঁচটা) মূল্যায়ন করতে প্রশাসন থেকে বলা হয়েছে। সেই হিসাবে প্রতিদিন সময় সাত ঘণ্টা। আর এই সাত ঘণ্টা সমান ৪২০ মিনিট। অর্থাৎ ৪২০ মিনিটে পরীক্ষককে ১০০ উত্তরপত্র মূল্যায়ন করতে হবে। সেই হিসাবে প্রতি উত্তরপত্রের জন্য নির্ধারিত সময় দাঁড়ায় মাত্র চার মিনিট।নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরীক্ষক জানান, চার মিনিটে একটি উত্তরপত্র মূল্যায়ন করা সম্ভব নয়। এতে প্রচুর ভুল থাকার আশঙ্কা রয়েছে। শিশুদের অনেকেরই হাতের লেখাও তেমন স্পষ্ট নয়। ফলে খুঁটিয়ে খুঁটিয়ে খাতা দেখতে হয়। তাঁরা সময় সাত দিন করার দাবি জানান।এ ব্যাপারে বাংলা বিষয়ের প্রধান পরীক্ষক এ কে এম মহিউদ্দিন বলেন, এত অল্প সময়ে খাতা দেখার সময় বেঁধে দেওয়া ঠিক হয়নি। উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘২০০ উত্তরপত্র মূল্যায়নের জন্য দুই দিন নির্ধারণ করে দিয়েছি। আসলে এটি ঠিক হয়নি। সময় বাড়ানো দরকার।’ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অমিতাভ দেবনাথের সঙ্গে এ বিষয়ে আলাপ করলে তিনি প্রথম আলোর এ প্রতিনিধিকে বলেন, ‘এভাবে সময়ের হিসাব করিনি। আসলে সময় কমই হয়ে গেছে।’ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া খাতুন জানান, ওই সময়ের মধ্যেই উত্তরপত্র মূল্যায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন করতে না পারলে এ ব্যাপারে কী করা যায়, তা নিয়ে তিনি অধিদপ্তরের সঙ্গে আলোচনা করবেন।