সময় মেনে চলতে পারছে না ট্রেন
রেলওয়ে কর্তৃপক্ষ পরিচলন সময় বাড়িয়েও সূচি মেনে চালাতে পারছে না যাত্রীবাহী ট্রেন। এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। আন্তনগর ট্রেনের যাত্রীরাই ভোগান্তির শিকার হচ্ছে বেশি। আগামী বছরের ডিসেম্বরের আগে পরিচলন সময় কমানোর সম্ভাবনা নেই বলে জানা গেছে। ফলে আরও ২০ মাস ভোগান্তি পোহাতে হবে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব থেকে টঙ্গী এবং লাকসাম থেকে চট্টগ্রামের চিনকি আস্তানা পর্যন্ত ডাবল লাইনের কাজ চলছে। এ ছাড়া বিভিন্ন স্টেশনে লুপ লাইন খুলে পয়েন্ট ক্রসিংয়ের কাজ এবং ভাটিয়ারীতে ৩৪ নম্বর সেতুর নির্মাণকাজ চলার কারণে ট্রেনের পরিচলন সময় বাড়ানো হয়েছে।
ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে একমুখী রেলপথ (সিঙ্গেল লাইন) দিয়ে দুই প্রান্তের ট্রেন চালানো হতো। রেলের যোগাযোগব্যবস্থা আরও উন্নত এবং দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানোর জন্য ডাবল লাইনের কাজে হাত দেয় বর্তমান সরকার। আগামী বছরের অক্টোবরে দুটি প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা রয়েছে। তবে ডিসেম্বরের আগে প্রকল্পের কাজ শেষ করা নিয়ে সংশয় রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। প্রকল্প বাস্তবায়নের আগে পরিচলন সময় কমানো সম্ভব হবে না বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
রেলওয়ে সূত্র জানায়, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত আরও ১১টি স্টেশনের সিগন্যাল পদ্ধতি আধুনিকীকরণের (সিবিআই) কাজ শিগগির শুরু হবে। তখন ট্রেনের পরিচলন সময় আরও বাড়তে পারে। ফলে ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতে সময় আরও বেশি লাগবে বলে ইঙ্গিত দিয়েছেন রেল কর্মকর্তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের একমাত্র বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ঢাকা-চট্টগ্রামের মধ্যে যাত্রী পরিবহন করে। এই ট্রেন এখন পথে পথে থেমে যায়। ডাবল লাইনের কাজ চলা ও লুপ লাইন খুলে ফেলার কারণে গতি কমিয়ে দিতে হচ্ছে। কোনো কোনো স্টেশনের কাছে থামাতে হচ্ছে। ২০০৯ সালের এপ্রিলে এটির পরিচলন সময় পাঁচ ঘণ্টা ৪৫ মিনিট ছিল। বিভিন্ন প্রকল্পের কাজ শুরুর কারণে পরিচলন সময় ৫৫ মিনিট বাড়িয়ে ছয় ঘণ্টা ৪০ মিনিট করা হয়েছে। এর পরও ট্রেনটি গন্তব্যে পৌঁছাতে সাড়ে সাত থেকে আট ঘণ্টা সময় লাগছে। গত ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত ৩৪ দিনের চিত্র পর্যালোচনা করে দেখা গেছে, মাত্র চার দিন সূচি মেনে গন্তব্যে পৌঁছাতে পেরেছে সুবর্ণ এক্সপ্রেস। তা-ও চলতি মাসের ৩ থেকে ৫ এবং ১০ তারিখে এটি সূচি মেনে যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছায়। বাকি ৩০ দিন সুবর্ণ সূচি মেনে পৌঁছাতে পারেনি।
জুলফিকার আহমেদ নামের এক যাত্রী প্রথম আলোকে বলেন, ‘১০ মার্চ সুবর্ণয় চড়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করি। এক ঘণ্টা ১৫ মিনিট দেরিতে আমরা চট্টগ্রামে পৌঁছাই। বাংলাদেশের একমাত্র ভালো মানের ট্রেনের চিত্র যদি এ রকম হয়, বাকিগুলোর অবস্থা সহজেই অনুমেয়।’
একই ট্রেনের আরেক যাত্রী আবুল হোসেন বলেন, ‘সুবর্ণ বিরতিহীন বলা হলেও ১০ মার্চ চট্টগ্রামে ফেরার সময় ট্রেনটি অন্তত সাত-আট জায়গায় অনির্ধারিতভাবে থেমে যায়। এ কারণে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যায়নি।’ ঢাকা ও চট্টগ্রাম থেকে ২০ জোড়া আন্তঃনগর ট্রেন পূর্বাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন করে আসছে। এর মধ্যে ঢাকা থেকে ১৫ জোড়া এবং চট্টগ্রাম থেকে পাঁচ জোড়া ট্রেন যাত্রী পরিবহন করে। কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ও কিশোরগঞ্জ রেলপথের যাত্রীদের ভোগান্তি আরও বাড়বে বলে ইঙ্গিত দিয়েছেন রেল কর্মকর্তারা। বিশেষ করে আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত সিগন্যাল পদ্ধতি আধুনিক করার কাজ শুরু হলে ট্রেনের গতি আরও কমানো হবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওপিএস) মিহির কান্তি গুহ প্রথম আলোকে বলেন, ‘ডাবল লাইনের কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিচলন সময় কমানো যাবে না। আগামী বছরের অক্টোবরের মধ্যে দুটি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।’ মিহির কান্তি গুহ আরও বলেন, ‘লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত সিগন্যাল আধুনিক করার কাজ শুরু হলে গতি আরও কমতে পারে। তবে রেলের যোগাযোগব্যবস্থা আধুনিক এবং দ্রুততর করার জন্য কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর গোধূলীর যাত্রীদের অবস্থা খুব খারাপ। ফেব্রুয়ারিতে এক দিনও এটি নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। প্রতিদিন মধ্যরাতে কিংবা ভোররাতে এটি যাত্রী নিয়ে চট্টগ্রামে পৌঁছায়। ঢাকা থেকে প্রতিদিন বেলা তিনটা ২০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পৌঁছানোর সময় রাত ১০টা ৫০ মিনিট উল্লেখ থাকলেও ফেব্রুয়ারিতে এটি গড়ে পাঁচ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছেছে। গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামগামী গোধূলীর পরিচলন সময় লেগেছে সাড়ে ১৭ ঘণ্টা। ওই দিন ১০ ঘণ্টা দেরিতে চট্টগ্রামে পৌঁছায়।