সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ গত ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। এখনো প্রায় অর্ধেক কাজ বাকি। এদিকে গত কয়েক দিন বৃষ্টি হওয়ায় হাওরপারের কৃষকেরা বোরোর আবাদ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
জেলায় এ বছর ২ লাখ ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। গত নভেম্বর থেকে বোরো চাষের মৌসুম শুরু হয়। ফসল উঠবে এপ্রিল মাসে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, সুনামগঞ্জ জেলার ৪২টি হাওরে এ বছর ফসলরক্ষা বাঁধের কাজ হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে কাজ হচ্ছে ১০ কোটি ৭২ লাখ টাকার। ঠিকাদারদের মাধ্যমে কাজ হচ্ছে ৪৬ কোটি টাকার। পিআইসি হাওরে বাঁধের ঝুঁকিপূর্ণ ভাঙা অংশ মেরামত করছে। আর ঠিকাদারেরা করবেন নতুন বাঁধ তৈরি ও বাঁধ উঁচু করার কাজ। পাউবোর হিসাবমতে, পিআইসির কাজ ৬০ থেকে ৭০ শতাংশ এবং ঠিকাদারদের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে।
উপজেলার সাচনাবাজার ও বেহেলী ইউনিয়নজুড়ে হালির হাওরের অবস্থান। হাওরে প্রায় ১০ হাজার হেক্টর বোরো আবাদের জমি আছে। গত রোববার জেলার জামালগঞ্জ উপজেলার হালির হাওর ঘুরে দেখা গেছে, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ কোনোটির অর্ধেক আবার কোনোটির তার চেয়ে কম হয়েছে।
গত বছর পাহাড়ি ঢলের পানিতে হাওরের কালীবাড়ি এলাকার বাঁধ ভেঙে হালির হাওরের ফসল তলিয়ে যায়। এবার ওই স্থানে বাঁধ নির্মাণের কাজ করছে চারটি পিআইসি। এর জন্য বরাদ্দ আছে ৪৬ লাখ টাকা। চারটি পিআইসির সভাপতি হিসেবে আছেন স্থানীয় চারজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। কিন্তু সব কাজ করছেন দুজন ইউপি সদস্য। তাঁরা হলেন মনু মিয়া ও সুফিয়ান আহমদ। এখনো বাঁধের কাজ অর্ধেক হয়নি। বাঁধের দুই দিকে কিছু মাটি ফেলা হয়েছে। কোনো কোনো স্থানে মাটির বদলে বালু ফেলা হচ্ছে।
মনু মিয়া বলেন, পাউবো থেকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর তাঁরা ১৩ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছেন। কয়েক দিন বৃষ্টি থাকায় কাজে সমস্যা হয়েছে। এখন তাঁরা আবার পুরোদমে কাজ করছেন। তাঁর অভিযোগ, পাউবো ঝুঁকিপূর্ণ কাজগুলো করাচ্ছে পিআইসি দিয়ে আর যেগুলো বড় কাজ ও ঝুঁকি কম, সেগুলো করাচ্ছে ঠিকাদারদের দিয়ে।
সুফিয়ান মিয়া বলেন, ৪৬ লাখ টাকার মধ্যে তাঁরা মাত্র ১৪ লাখ টাকা পেয়েছেন। টাকার অভাবে কাজ করতে দেরি হচ্ছে। তাঁরা উচ্চ সুদে টাকা এনে কাজ করাচ্ছেন।
হালির হাওরে স্থানীয় হরিনাকান্দি গ্রামের কৃষক ফয়জুন নুরের (৬৪) ১১ কেদার (৩০ শতক= ১ কেদার) জমি আছে। ফয়জুন নুর বলেন, গত বছর বাঁধ ভেঙে সব ধান পানির নিচে গেছে। এবার বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বাঁধের কাজ এখনো শেষ হয়নি। তাই ফসল রক্ষা নিয়ে চিন্তায় আছেন।
হালির হাওরের পশ্চিম তীরে সুন্দরপুর এলাকায় ১২ জন শ্রমিক একটি বাঁধের কাজ করছিলেন। এটি স্থানীয় ইউপি সদস্য আবদুল হাসেমের কাজ। শ্রমিক সরদার ননী গোপাল বলেন, তাঁরা এক সপ্তাহ আগে কাজ শুরু করেছেন। কথা বলার জন্য আবদুল হাসেমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। হাওরের আসানপুর, হরিপুর, আলীপুর, ঘনিয়ারগাঁও, রঙ্গিয়া এলাকায় বাঁধের কাজ এখনো শেষ হয়নি।
হালির হাওরের পশ্চিমে বৌলাই নদ। নদের পশ্চিমে চাতল হাওর। চাতল হাওরে একটি বাঁধের কাজ করছেন ঠিকাদার তফসির মিয়ার লোকজন। ঠিকাদারের প্রতিনিধি মামুন আহমদ কাজটি করাচ্ছেন। তিনি বলেন, বৌলাই নদের বেড়িবাঁধ ১ হাজার ৬৫০ মিটার উঁচু করা হচ্ছে। বৃষ্টির কারণে কিছু সমস্যা হয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন, বাঁধের কাজে ঠিকাদারেরা বেশি গাফিলতি করছেন। প্রতিবছর বাঁধ নির্মাণে বরাদ্দ বাড়ে, কিন্তু হাওরের ফসল রক্ষা করা যায় না।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, ধরমপাশা উপজেলার হাওরগুলোতে এখনো বাঁধ নির্মাণের কাজ শেষ হয়নি। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বলেন, গত বছর তাঁর উপজেলার ২২টি হাওরের ১৭টিতে ফসলহানি হয়েছিল। এবারও সময়মতো বাঁধ না হওয়ায় কৃষকেরা ফসল নিয়ে আতঙ্কে আছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসার উদ্দিন বলেন, ‘কাজ দ্রুত শেষ করার জন্য তাঁদের বারবার তাগাদা দিচ্ছি। এ মাসের মধ্যেই সব কাজ শেষ হবে।’ তবে ঠিকাদারদের কাজে আশানুরূপ অগ্রগতি হয়নি জানিয়ে তিনি বলেন, ‘যে যতই শক্তিশালী হোন না কেন, খালি মাঠে কাউকে গোল দিতে দেওয়া হবে না। যতটুকু কাজ হবে, ঠিক ততটুকুরই বিল দেওয়া হবে।’
সমন্বয়হীনতায় সময়মতো শেষ হয়নি বাঁধের কাজ
সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে নানা অনিয়মের পাশাপাশি রয়েছে সমন্বয়হীনতা। এই কাজে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, ঠিকাদার, প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি), স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকদের মধ্যে কোনো সমন্বয় নেই। এ কারণে প্রতিবছর নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না। অকাল বন্যা ও পাহাড়ি ঢলে ফসল ক্ষতিগ্রস্ত হয়।
সুনামগঞ্জে গতকাল সোমবার দুপুরে ‘হাওর অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম’ (হ্যাপ) নামের একটি সংগঠন সংবাদ সম্মেলন করে এই মত তুলে ধরে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।
ঢাকা থেকে আসা এই সংগঠনের একটি প্রতিনিধিদল দুই দিন জেলার কয়েকটি হাওরে বাঁধের কাজ পরিদর্শন করে।