সময় শেষ হলেও কাজ হয়েছে ৪৫ শতাংশ
সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলার ১০টি হাওরের হাওর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ করার তারিখ ছিল গত ২৮ ফেব্রুয়ারি। ৬ মার্চ পর্যন্ত এসব বাঁধ নির্মাণের কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ।এ ব্যাপারে হাওর রক্ষা বাঁধ তদারকি কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন বলেন, সরকার সময়মতো অর্থ দিলেও অধিকাংশ বাঁধের কাজ সময়মতো শুরু করা হয়নি। এ ছাড়া একাধিক প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সম্পাদকের মধ্যে রয়েছে দ্বন্দ্ব। এসব কারণে বাঁধের কাজ সময়মতো শেষ হয়নি।দিরাইয়ের কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহাদ মিয়া অভিযোগ করেন, তেতৈয়ার বাঁধ, উত্তর সুরিয়ারপাড় বাঁধ ও জারুলিয়ার বাঁধের কাজ এখন পর্যন্ত ৩০ শতাংশও সম্পন্ন হয়নি।দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুস বলেন, তিনি মাছুয়ার খারার বাঁধ ও কালিয়ারগুটার বাঁধসহ চার-পাঁচটি বাঁধ দেখে এসেছেন। এসব বাঁধের কাজ ৪০ থেকে ৪৫ শতাংশ সম্পন্ন হয়েছে। অধিকাংশ বাঁধের মাটি কাটার কাজ চলছে ধীরগতিতে। এভাবে মাটি কাটলে ১৫-২০ দিনেও কাজ শেষ হবে না বলে মনে করেন তিনি।শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনী মোহন দাস বলেন, সময়মতো বাঁধে মাটি না ফেলায় বৃষ্টি হলেই হাওরের বাঁধগুলোতে আর মাটি কাটার পরিবেশ থাকবে না। সুনামগঞ্জের পাউবোর উপপ্রকৌশলী মুসলেহ্ উদ্দিন বলেন, স্থানীয়ভাবে গঠিত ৮১টি প্রকল্প বাস্তাবায়ন কমিটির মাধ্যমে হাওরের বাঁধ রক্ষার কাজ চলছে। কমিটি দেন জনপ্রতিনিধিরা। পরে তাঁদেরই কথায় এসব কমিটি রদবদল করতে হয়। এ জটিলতা এখনো রয়েছে। ফলে নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। এক সপ্তাহের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল হক বলেন, ‘বাঁধের কাজের অর্থ বরাদ্দ থেকে শুরু করে সবকিছুই করে পাউবো কর্তৃপক্ষ। অথচ বাঁধের কাজে কোনো সমস্যা দেখা দিলে তাদের খুঁজে পাওয়া যায় না। সমাধান দিতে হয় আমাদের। এটা দুঃখজনক।’