সময় শেষ হয়ে আসছে ১৬৬১ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগ্যতার মেয়াদ শেষ হওয়ার আগেই এক হাজার ৬৬১ জনকে দক্ষিণ কোরিয়ায় পাঠানোর দাবি জানিয়েছেন বঞ্চিত ব্যক্তিরা।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ২০১২ সালে উত্তীর্ণ এক হাজার ৬৬১ জন এখনো কোরিয়া যেতে পারেননি। আর কয়েক মাসের মধ্যে যেতে না পারলে তাঁদের যোগ্যতার মেয়াদও শেষ হয়ে যাবে। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই মানবিক দিক বিবেচনা করে সরকার যেন তাঁদের বিদেশে পাঠায়।

এশিয়ার সমৃদ্ধিশালী দেশ দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে ২০০৭ সালে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করে। এতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) মাধ্যমে এ পর্যন্ত ১০ হাজার কর্মী কোরিয়া গেছেন। সামান্য খরচ ও দেশটিতে গিয়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা বেতন হওয়ায় তরুণদের বিষয়টি আকৃষ্ট করেছে। তবে কোরিয়া যেতে হলে কোরিয়ান ভাষা ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এরপর কোরিয়া নির্বাচিত প্রার্থীদের নিয়ে একটি তালিকা (জব রোস্টার) করে। এই তালিকার মেয়াদ থাকে দুই বছর।

সংবাদ সম্মেলনে তোফাজ্জল হোসেন বলেন, ২০১২ সালে চারটি পরীক্ষায় মোট তিন হাজার ৮৭ জন প্রার্থী দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য যোগ্য বিবেচিত হন। এর মধ্যে চার ধাপে এক হাজার ৪২৬ জন প্রার্থী কোরিয়ায় গেছেন। বাকি এক হাজার ৬৬১ জন এখনো যেতে পারেননি। অথচ আর কয়েক মাস পরই ধারাবাহিকভাবে এই প্রার্থীদের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই সবার মধ্যে হতাশা নেমে এসেছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১২ সালে উত্তীর্ণরা যেতে না পারলেও ২০১৩ সালে উত্তীর্ণ প্রার্থীরা কোরিয়ায় যাওয়া শুরু করে দিয়েছেন। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে যে ৪৬০ জনের ভিসা এসেছে তার মধ্যে ৪৫২ জনই ২০১৩ সালের উত্তীর্ণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণমন্ত্রী, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকসহ সবার সঙ্গে দেখা করেছেন বঞ্চিত ব্যক্তিরা। এর পর তাঁরা অনশন করেছেন। কিন্তু এর পরও সমস্যার সমাধান হয়নি। তাই তাঁরা সংবাদ সম্মেলন করলেন। প্রয়োজনে আরও কর্মসূচি দেবেন।