ঘড়ির কাঁটায় বিকেল চারটা ১৮ মিনিট। কেন্দ্রের ভেতর নেই কোনো ভোটার। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে বাক্সবন্দী করছেন। পুলিশের সদস্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। প্রিসাইডিং কর্মকর্তাও ভাবলেশহীন। আর সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা অসহায়।
প্রকাশ্যে দল বেঁধে জাল ভোট দেওয়ার এ মহোৎসবের চিত্রটি নরসিংদী সদর উপজেলার মাদ্রাসায়ে গাউছিয়া পেশোয়ারা সুন্নিয়া কেন্দ্রের। শুধু এ কেন্দ্রই নয়, কিছু দূরে বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শেষ বেলার চিত্রও ছিল অনেকটা একই রকম। দুই কেন্দ্রেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর জাল ভোট গ্রহণের উৎসব চলে।
মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রটি নারী ভোটারদের জন্য নির্ধারিত ছিল। মোট ভোটার দুই হাজার ৯৬৮ জনের মধ্যে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভোট পড়ে এক হাজার ৮১২। ভোট গ্রহণ শেষে দেখা যায়, ভোট পড়েছে দুই হাজার ৪৮০। আর শেষ আধা ঘণ্টায় ভোট পড়েছে ৬৬৮। অর্থাৎ মিনিটে ২২টির বেশি। কেন্দ্রটিতে ভোট পড়ার হার ৮৩ শতাংশের কিছু বেশি।
বিকেল সোয়া তিনটার দিকে দেখা যায়, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী তামান্না নুসরাতের কর্মী-সমর্থকেরা এ দুটি কেন্দ্রই দখল করে রেখেছেন। সাড়ে তিনটা থেকে তাঁরা এসব কেন্দ্রে জোটবদ্ধভাবে জাল ভোট দেওয়া শুরু করেন।
জাল ভোট দেওয়ার বিষয়টি প্রথম বাসাইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল চন্দ্র পালের নজরে আনলে তিনি তাঁর কক্ষ থেকে বের হয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিবৃত্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। নির্ধারিত সময়ের ১০ মিনিট পর এ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তাঁর কেন্দ্রের ব্যালট বাক্সগুলো নিজ নিয়ন্ত্রণে আনতে পারলেও অপর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ সময়ও ছিলেন নির্বিকার।
নির্ধারিত সময়ের পরও ভোট গ্রহণের কারণ জানতে চাইলে মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন কোনো জবাব দিতে পারেননি। কিছুক্ষণ গালে হাত রেখে বসে থেকে বুথে যান এবং জাল ভোট দেওয়ার দৃশ্য নিজ চোখে দেখেন। ব্যালট বাক্সগুলো জাল ভোটারদের কাছ থেকে নিয়ন্ত্রণে আনতে তখন বেজে যায় বিকেল সাড়ে চারটা।
ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা জাকির হোসেন নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে বলেন, ‘যা হয়েছে সবই দেখলেন। কী করার ছিল আমার।’ রিটার্নিং কর্মকর্তা কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছিলেন কি না—এমন প্রশ্নেরও কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
বাসাইল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৮৩১ ভোটারের বিপরীতে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ভোট পড়ে এক হাজার ৯০০। শেষ আধা ঘণ্টায় পড়ে ৩৪৪ ভোট। মোট ভোট পড়ে দুই হাজার ২৪৪। এই কেন্দ্রে ভোট পড়ার হার ৭৯ দশমিক ২৬ শতাংশ।
এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল জাল ভোটের কথা স্বীকার করে বলেন, ‘জাল ভোট যখন হচ্ছিল, তখন তা আমি রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনে প্রতিকার চেয়েছিলাম।’
এদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী মনজুর এলাহীর সমর্থকেরা হামলা চালিয়ে একটি ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার কারণে দুপুরের পর থেকে গদাইরচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলার বাগদী প্রাথমিক বিদ্যালয় ও নিসুন্দরীয়া প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দুটিতেও বিকেল তিনটার দিকে ভোট গ্রহণ স্থগিত করা হয়।