সময় হলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘যারা যাই মনে করুক, যখন মনে করব আন্দোলনের সময় হয়েছে, আমরা প্রস্তুত; তখন আন্দোলন করব। কারও কথায় আমরা চলি না।’
গতকাল শনিবার শ্রমিক দল ঢাকা মহানগর কমিটির সম্মেলনের উদ্বোধনী পর্বে খালেদা জিয়া এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দল গোছানোর কাজ চলছে বলে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সারা দেশে কমিটি পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। ঢাকা মহানগর বিএনপির কমিটিও পুনর্গঠন করা হবে। যাঁদের যোগ্যতা, দক্ষতা, মেধা আছে, সংগঠন গতিশীল করার স্বার্থে তাঁদের নেতৃত্বে নিয়ে আসা হবে। নবীন-প্রবীণের সমন্বয়ে কমিটিগুলো জোরদার ও গতিশীল হবে।
বিএনপির চেয়ারপারসন বলেছেন, সময়মতো সরকারবিরোধী আন্দোলন ও সরকারের সব অত্যাচারের জবাব দেওয়া হবে। সরকার যদি আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বেশি দেরি করে তবে এর দায় তাদেরই নিতে হবে। তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জুলুম-অত্যাচারে চোখের পানি ফেলে নয়, জবাব দিতে হবে প্রতিরোধ, প্রতিবাদ করে। সে প্রস্তুতি নিন।’
শ্রমিক দলের উদ্দেশে খালেদা জিয়া বলেন, রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারবেন এমন দক্ষ নেতৃত্ব নির্বাচন করুন। শুধু তালি বাজালে বা স্লোগান দিলে হবে না। কাজের কাজ করতে হবে। যাঁরা সত্যিকার ত্যাগী, সাহসী ভূমিকা রাখতে পারবেন, সব ঝুঁকি নিয়ে রাজপথে থাকতে পারবেন, তাঁদের নির্বাচিত করতে হবে।
খালেদা জিয়া বলেন, বর্তমান সাংসদেরা বৈধ নন। সংসদে জনগণের টাকা নষ্ট করে গালিগালাজ করা হচ্ছে। মানুষ এখনো ধৈর্য ধরছে। কিন্তু বেশি দিন ধৈর্য ধরে থাকবে না।
এরশাদ ‘বেইমান’: খালেদা জিয়া বলেন, ‘আওয়ামী লীগ একা। ১৪ দলে কোনো দলই নেই। এরশাদ ছিল, তারাও কয়েক টুকরা হয়ে গেছে। এরশাদ নিজেই অবৈধভাবে ক্ষমতায় এসেছে। এই লোক বেইমান, মোনাফিক। তাঁকে বিশ্বাস করা যায় না।’ তিনি বলেন, দেশে-বিদেশে কেউ এরশাদকে বিশ্বাস করে না। তিনি কী উপদেশ দেবেন, দূতিয়ালি করবেন!
তোফায়েলের উদ্দেশে খোকা: বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা দাবি করেন, তারেক রহমানের বক্তব্য খণ্ডন করতে না পেরে জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ যা খুশি বলছেন। তিনি তোফায়েলের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য অনেক তোষামোদ করতে পারেন। করতে চান করেন। মন্ত্রী হয়েছেন, খালেদা জিয়াকে পা ছুঁয়ে সালাম করে যান। আমাদের আন্দোলনের চাপে আপনি ও আমু মন্ত্রী হয়েছেন।’
সাদেক হোসেন খোকা বলেন, ‘তোফায়েল সবকিছুতে তিন ফাল দিয়ে দাঁড়িয়ে যান। লাফিয়ে ওঠেন। আপনি এত ক্ষমতাধর ছিলেন জিয়াউর রহমান “স্যার” “স্যার” বলতে বলতে অস্থির হয়ে যেতেন। তাহলে ৩২ নম্বরে যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন, তখন তো আপনি টুঁ শব্দ করেননি।’
সম্মেলনের উদ্বোধনী পর্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ বক্তব্য দেন।