এক টাকাও পাওয়ার কথা ছিল না বিদেশিদের। অথচ তারাই প্রতিবছর পাচ্ছে অন্তত ৬০০ কোটি টাকা। এই টাকা দিচ্ছেন ব্যবসায়ীরা। আর এর জের টানছেন সাধারণ ভোক্তারা। নির্ধারিত সময়ে বন্দর-চত্বর থেকে পণ্য খালাস না করায় গুনতে হচ্ছে ক্ষতিপূরণের এই মাশুল।
অথচ বিনা ভাড়ায় চার দিন বন্দরে পণ্য রাখার জন্য সুবিধা দেয় বন্দর কর্তৃপক্ষ। ছাড় দিচ্ছে বিদেশি কনটেইনার মালিকপক্ষও। তার পরও পণ্য খালাস করেন আমদানিকারক ব্যবসায়ীরা। প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, শুল্কায়নের পদ্ধতিগত জটিলতা এবং আমদানিকারকদের অবহেলা এর জন্য মূলত দায়ী।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম গত শনিবার প্রথম আলোকে বলেন, শুল্কায়নপদ্ধতি সহজীকরণ হলে এ অবস্থা হতো না। আবার রাজনৈতিক অস্থিরতা, নানা সংস্থার সঙ্গে সমন্বয়হীনতার কারণে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে।
বছরে হাজার কোটি টাকা: ঢাকার একটি প্যাকেজিং কোম্পানির দুই কনটেইনার পণ্যের একটি চালান জাহাজ থেকে নামানো হয় ২০১৩ সালের আগস্টে। গত ৩০ জানুয়ারি কনটেইনার দুটি খালাস হয়। নির্ধারিত সময়ের ১৫০ দিন পর পণ্য খালাস করায় বন্দরে কনটেইনার রাখার ভাড়া পরিশোধ করতে হয়েছে ১০ লাখ ৪০ হাজার টাকা। আবার কনটেইনার মালিকের প্রতিনিধি ১৪২ দিনের ক্ষতিপূরণ মাশুল (ডেমারেজ চার্জ) আদায় করেছে ১৫ লাখ ৮২ হাজার টাকা।
বন্দরের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরে পণ্য রাখা বাবদ ব্যবসায়ীরা ৪১৬ কোটি টাকা ভাড়া দিয়েছেন বন্দরকে। একই সময়ে বিদেশি কনটেইনার মালিকপক্ষকে কত টাকা দিয়েছেন, তার সুনির্দিষ্ট হিসাব নেই কোথাও। তবে বন্দর থেকে খালাস নেওয়া ১০টি আমদানি চালান পরীক্ষা করে দেখা গেছে, বন্দরের চেয়ে গড়ে দেড় গুণ বেশি ক্ষতিপূরণ মাশুল আদায় করেছে কনটেইনার মালিকপক্ষ। কনটেইনার ভাড়া প্রদানকারী প্রায় ৩০০ প্রতিষ্ঠান আছে। সবই বিদেশি। সে হিসেবে কনটেইনার মালিকপক্ষ বছরে অন্তত ৬০০ কোটি টাকা আদায় করে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন।
২০০৮-০৯ থেকে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত সময়ে ব্যবসায়ীরা বাড়তি সময় পণ্য রাখা বাবদ শুধু বন্দরকে দিয়েছেন এক হাজার ৭৯২ কোটি টাকা। একই সময়ে আনুমানিক আড়াই হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে শিপিং কোম্পানিগুলো।
বন্দরের তথ্যানুযায়ী, জাহাজ থেকে কনটেইনার বা পণ্য নামানোর পর বিনা ভাড়ায় বন্দরের সংরক্ষিত এলাকায় চার দিন কনটেইনার পণ্য রাখা যায়। এ সময়ের মধ্যে খালাস না হলে প্রতিটি ২০ ফুট দীর্ঘ কনটেইনারের জন্য তিন স্তরে প্রতিদিন ৬ থেকে ২৪ ডলার হারে ভাড়া গুনতে হয়। তবে জাহাজ কোম্পানিগুলো একেকটি একেক ধরনের ক্ষতিপূরণ মাশুল আদায় করে। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের হিসাবে, স্তর অনুযায়ী এই হার গড়ে ছয় থেকে ৪০ ডলার পর্যন্ত। আর ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে এই হার দ্বিগুণ।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, কনটেইনার পড়ে থাকায় বন্দর ভাড়া পেলেও সুফল কিন্তু বেশি নেই। কারণ, বন্দরের প্রধান কাজ হলো সেবা প্রদান। এ কারণে আমদানিকারকেরা যত দ্রুত পণ্য খালাস করবেন, ততই বন্দরের দক্ষতা বাড়বে।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ ছরওয়ার প্রথম আলোকে বলেন, বিশ্বের কোথাও পণ্য খালাসে বাংলাদেশের মতো এত বেশি সময়ের নজির নেই।
মাশুল গোনার নেপথ্যে: পণ্য খালাসে সময়ক্ষেপণের বিষয়টি অনুসন্ধান করে দেখা গেছে, প্রধানত দুটি কারণে পণ্য খালাসে বিলম্ব হয়। যেমন, খালাসের প্রক্রিয়া শেষ করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর বিলম্ব। দেখা গেছে, কিছু পণ্য শুল্কায়নের জন্য রাসায়নিক ও কায়িক পরীক্ষার প্রয়োজন হয়। পরীক্ষার জন্য পণ্যের নমুনা সংগ্রহ এবং বিএসটিআইসহ নানা সংস্থা থেকে প্রতিবেদন হাতে পেতেই দীর্ঘ সময় লেগে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে, পণ্যের শুল্ককরের টাকা পরিশোধ করতে না পেরে ব্যবসায়ীরা অনেক সময় নিজেরাই নির্ধারিত সময়ে পণ্য খালাস করেন না। এ ছাড়া যথাসময়ে আমদানি দলিলপত্র না আসা, ভুল ও মিথ্যা ঘোষণা, সরবরাহকারীদের সঙ্গে বিরোধের কারণেও যথাসময়ে পণ্য খালাস করা হয় না।
কাস্টম হাউসের হিসাবে দেখা গেছে, ২০১৩ সালে আমদানি (সাধারণ) হয় এক লাখ ৫১ হাজার ৫৮৫টি পণ্য চালান। বিনা ভাড়ায় চার দিনের মধ্যে শুল্কায়ন হয়েছে ৭৪ দশমিক ৫ শতাংশ চালান। এর বাইরে প্রায় ২৫ শতাংশ চালান শুল্কায়ন করতে কাস্টম হাউসের সময় লেগেছে ৫ থেকে ২০ দিনের বেশি।
পণ্য খালাসে আমদানিকারকের পক্ষে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট। এসব প্রতিষ্ঠানের মালিকপক্ষের সংগঠনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম মনে করেন, এখন ১৬ শতাংশের বেশি আমদানি চালানের পণ্য পরীক্ষা-নিরীক্ষা হয়। এসব চালানে শুল্কায়নে সময়ও লাগে বেশি।
জাহাজ থেকে নামার পর বন্দর-ফটক দিয়ে বের হওয়া পর্যন্ত প্রতিটি কনটেইনারের সময় হিসাব তৈরি করে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের দক্ষতা পরিমাপের হিসাবও এটি। গত বছরের চিত্রে দেখা যায়, পণ্যভর্তি প্রতিটি কনটেইনার খালাসে ব্যবসায়ীরা সময় নিয়েছেন গড়ে ১৬ দিন ১৩ ঘণ্টা। এ ক্ষেত্রে ছয় মাস থেকে এক বছরের মাশুল গুনে পণ্য খালাসেরও নজির আছে।