সময়টাকে স্পর্শকাতর মনে করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশিসহ বিভিন্ন ব্যক্তি ও স্থানে একের পর এক হামলা ও হত্যার প্রেক্ষাপটে প্রভাবশালী দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকরের সময়টাকে খুবই স্পর্শকাতর হিসেবে মনে করছে সরকার। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স ও মাল্টা সফর বাতিল করে দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। তাঁরা বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা অভ্যন্তরীণ স্পর্শকাতর পরিস্থিতি ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কথা বিবেচনা করে এ সময় বিদেশ সফরের বিষয়ে নিরুৎসাহিত করেছেন। কারণ, প্রধানমন্ত্রী দেশে-বিদেশে জঙ্গি-সন্ত্রাস নিয়ে বক্তৃতা করে সোচ্চার হয়েছেন। ফলে তাঁর ভ্রমণের বিষয়টি উচ্চ নিরাপত্তার বিষয় বলে মনে করছেন তাঁর নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্যারিস সফরে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। প্যারিস হামলায় সেটাও অনিশ্চিত হয়ে পড়েছে। সব দিক বিবেচনায় প্রধানমন্ত্রীও দেশে থেকে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেন বলে সরকারের সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রেক্ষাপটে দেশে-বিদেশে নানা প্রভাবশালী গোষ্ঠীর তৎপরতা লক্ষ করা যাচ্ছে। এ তৎপরতা আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক করে তুলতে পারে—এমন আশঙ্কা থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি বাহিনীকে। সরকার মনে করছে, সাম্প্রতিক গুপ্তহত্যা ও বিদেশিদের ওপর হামলার ঘটনার সঙ্গে সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসি রায় কার্যকরের যোগসূত্র রয়েছে। দুই যুদ্ধাপরাধীর রায় কার্যকর হয়ে গেলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। তখন জনমনে আতঙ্কও কমে আসবে। এ জন্য রায় দ্রুত কার্যকরের ব্যাপারে সচেষ্ট সরকার।
ওই নেতা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম প্রধানমন্ত্রী নিজেই তদারক করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। স্পর্শকাতর এই সময়ে প্রধানমন্ত্রী দেশে থাকলে তদারকি ও দ্রুত ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। এ জন্যই তিনি বিদেশ সফর বাতিল করেছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এ বিষয়ে প্রথম আলোকে বলেন, বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি স্পর্শকাতর। এই সময় প্রধানমন্ত্রী নিজে দেশে থাকা জরুরি বলে মনে করেছেন। এ জন্যই তিনি বিদেশ সফর বাতিল করেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশে-বিদেশে যেখানেই থাকেন, তদারকি-নির্দেশনা দিতে পারেন। তবে দেশে থেকে তদারক করলে জনগণ আস্থা পায়।
ওবায়দুল কাদের আরও বলেন, শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকেই নানা ঝুঁকি মোকাবিলা করে চলেছেন। বর্তমান সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গন দুই স্থানেই সাহসী ও দৃঢ় একটা অবস্থান নিয়েছেন তিনি। তাঁর এ অবস্থান ও প্রধানমন্ত্রী হিসেবে অর্জন অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে সব জায়গায় প্রধানমন্ত্রীর ঝুঁকি থাকে।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, দলের সাংগঠনিক কিছু বিষয়ও ঝুলে ছিল প্রধানমন্ত্রীর টানা বিদেশ সফর থাকায়। সর্বশেষ কার্যনির্বাহী সংসদের বৈঠকে ডিসেম্বরেই দলের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন করার আলোচনা হয়। এ ছাড়া সামনে আছে পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে দলীয়ভাবে মনোনয়ন দেওয়ার আইন হয়েছে। এ অবস্থায় দলীয় মনোনয়ন কীভাবে দেওয়া হবে, এটাও ঠিক করার বিষয় আছে। এ জন্য কার্যনির্বাহী সংসদের বৈঠক ডাকা জরুরি হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাতিল হওয়ার কারণে চলতি সপ্তাহেই এ বৈঠক হতে পারে বলে ওই নেতা জানান।
ফ্রান্সে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার কথা ছিল—এমন একজন নেতা বলেন, কমনওয়েলথ সম্মেলনের চেয়ে ফ্রান্সের জলবায়ু সম্মেলনকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, ওই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। প্যারিস হামলার কারণে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নেই। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক বিষয়াদি প্যারিস হামলার পর অনেকটাই গুরুত্ব হারিয়ে ফেলেছে। এ জন্যই শুধু মাল্টা সফরে যাওয়ার আগ্রহ দেখাননি। আর মাল্টা সফর করে ফ্রান্স না গিয়ে ফিরে আসাটাও সমীচীন হতো না। এ জন্যই দুটি সফরই বাতিল করেছেন। প্রধানমন্ত্রী মাল্টা থেকেই ফ্রান্সে যাওয়ার কথা ছিল।