পদ্মা সেতু, গভীর সমুদ্রবন্দর, রামপাল কয়লাভিত্তিক ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মত বড় প্রকল্পগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার জন্য সময়ভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ খবর জানা গেছে।
উপরিউক্ত চারটিসহ মোট সাতটি বড় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এই নির্দেশনা দেন। অন্য তিনটি প্রকল্প হচ্ছে মহেশখালীতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল স্থাপন, ঢাকায় মেট্রোরেল ও সোনাদিয়ায় একটি সমুদ্রবন্দর নির্মাণ।
এই প্রকল্পগুলো গত মহাজোট সরকারের সময় গৃহীত হয়। এগুলোর বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণের জন্য গত বছরই প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটি’ নামে ১১ সদস্যের একটি কমিটি করা হয়। গত বছরের ১৬ জুন এই কমিটির প্রথম সভার পর গতকাল দ্বিতীয় সভা অনুষ্ঠিত হলো।
সূত্র জানায়, সভায় পদ্মা সেতুর মাওয়ায় নদী শাসনের এলাকা সম্প্রসারণ ও মাওয়া ঘাট স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সংসদের প্রথম অধিবেশনেই গভীর সমুদ্রবন্দর আইন পাসের পাশাপাশি এই প্রকল্পে অর্থায়নের উৎস খোঁজার কথা সভায় বলা হয়েছে।
এলএনজি টার্মিনাল নির্মাণের বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘এক্সিলারেট এনার্জি এক্সট্রা কনসোর্টিয়াম’-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। সভায় জানানো হয়, টার্মিনাল থেকে চট্টগ্রামে গ্যাস আনার জন্য মহেশখালী থেকে আনোয়ারা পর্যন্ত ৯৫ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কাজ চলছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি সম্পর্কে সভায় সন্তোষ প্রকাশ করা হয়।