সময়মতো ভিসা না পাওয়ায় উদ্বিগ্ন হজযাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থান থেকে হজযাত্রীরা জড়ো হয়েছেন আশকোনার হজক্যাম্পে। তাঁদের শেষ মুহূর্তের কর্মব্যস্ততায় মুখর হজক্যাম্প। তবে দুদিন আগে ক্যাম্পে এলেও পাসপোর্ট, টিকিট হাতে না পাওয়ায় একধরনের উদ্বেগ ভর করেছে অনেক যাত্রীর মনে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন স্থান থেকে হজযাত্রীরা জড়ো হয়েছেন আশকোনার হজক্যাম্পে। তাঁদের শেষ মুহূর্তের কর্মব্যস্ততায় মুখর হজক্যাম্প। তবে দুদিন আগে ক্যাম্পে এলেও পাসপোর্ট, টিকিট হাতে না পাওয়ায় একধরনের উদ্বেগ ভর করেছে অনেক যাত্রীর মনে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

হজ ক্যাম্পে এসেছেন দুই দিন আগে। জেনেছেন, আজ বা আগামীকাল জেদ্দার বিমানে চড়ে বসতে হবে। কিন্তু এখনো হাতে পাননি ভিসাসহ পাসপোর্ট ও বিমানের টিকিট। তাই হজযাত্রা নিয়ে উদ্বেগে পড়েছেন আশকোনা হজ ক্যাম্পে অবস্থানরত অনেকে।

গতকাল বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে হজযাত্রীরা জড়ো হয়েছেন। শেষ মুহূর্তের কর্মব্যস্ততায় মুখর হজ ক্যাম্প। নিচতলার মসজিদের সামনের ফাঁকা জায়গায় হজযাত্রীদের অনেকে ইহরাম পরছিলেন। কেউ পরিবার-পরিজনের সঙ্গে গল্প করছিলেন।

পাবনা থেকে মঙ্গলবার রাতে হজ ক্যাম্পে এসেছেন মোতালেব খাঁ ও তাঁর স্ত্রী। তাঁদের হজ এজেন্ট জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার সকালে তাঁদের ফ্লাইট হতে পারে। কিন্তু গতকাল বেলা সাড়ে তিনটা পর্যন্ত তাঁরা পাসপোর্ট, টিকিট কিছুই হাতে পাননি। মোতালেব খাঁ বলেন, ‘একসঙ্গে অনেকে আসছি। প্রায় সবাই ভিসা পেয়ে গেছে। আমরা দুজন পাই নাই। কখন পাব সেটাও জানি না।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে মঙ্গলবার হজ ক্যাম্পে আসেন মো. আনসার আলী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা তিনজন আসছি। কারও কাগজপত্র দেয় নাই। ভিসা হইছে কি না, সেটাও বলতে পারে নাই। আগামীকাল (আজ বৃহস্পতিবার) বিকেলে নাকি ফ্লাইট হতে পারে।’

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালন করতে সৌদি আরবে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ হজযাত্রী পরিবহন শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি এয়ারলাইনস হজযাত্রী পরিবহন করছে।

ভিসা জটিলতা, মোয়াল্লেম ফিসহ নানাবিধ কারণে যাত্রীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। হজযাত্রী-সংকটের কারণে গতকাল দুপুর পর্যন্ত ১৫টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনস।

জানতে চাইলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম প্রথম আলোকে বলেন, ‘হজ ব্যবস্থাপনায় বিড়ম্বনা বলেকয়ে আসে না। হঠাৎ সমস্যার উদ্ভব হয়। তবে হজযাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে না। নির্ধারিত সময়ের কয়েক দিন পরে হলেও তাঁরা যাবেন। তবে প্রথম দিকে ফ্লাইট বাতিল হওয়ায় পরে চাপ বেশি হবে।’

গতকাল দুপুরে দেখা যায়, হজ ক্যাম্পের পরিচালকের অফিসের বাইরে চারজন বসে আছেন। দুজন পুরুষ ও দুজন নারী। চারটি স্যুটকেস পাশে রাখা। হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে এলেও অন্যদের মতো কর্মতৎপরতা নেই। চুপ করে বসে ছিলেন। বেশ চিন্তিত ও অসহায় লাগছিল।

পাশে গিয়ে সাংবাদিক পরিচয় দিতেই কেঁদে ফেললেন। তাঁদের একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদীন আকন্দ বলেন, ‘গত শুক্রবার পর্যন্ত আমাদের চারজনের মধ্যে দুজনের ভিসা হয়েছিল। বাকি দুজনের ভিসা হয় রোববার। মতোয়াল্লি আমাদের চারজনকে রেখেই চলে গেছে। বলছে, কোম্পানি রবি বা সোমবার আমাদের ফ্লাইটে তুলে দেবে।’

জয়নাল আবেদীন বলেন, ‘লাকি ট্রাভেলসে যোগাযোগ করেছি। ট্রাভেল কোম্পানি ঘুরাচ্ছে। আজ ফ্লাইটে তুলে দিব, কাল দিচ্ছি করে ঘুরাচ্ছে। শুক্রবার থিকা আত্মীয়স্বজনের বাসায় কোনো রকমে থাকতেছি।’

লাকি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের স্বত্বাধিকারী মোহাম্মদ মনিরুজ্জামান খান প্রথম আলোর কাছে দাবি করেন, জয়নাল আবেদীনসহ চারজন কোনো টাকা পরিশোধ করেননি। তারপরও তিনি তাঁদের ভিসা করেছেন। এখন টাকা দিলে ফ্লাইটে তুলে দেবেন।

এ বিষয়ে কথা বলতে হজ ক্যাম্পের পরিচালক মো. সাইফুল ইসলামের কক্ষে গেলে তা তালাবন্ধ পাওয়া যায়। আর সহকারী হজ অফিসারের কক্ষ খোলা থাকলেও তাঁকে চেয়ারে দেখা যায়নি।