সময়মতো কাজ শুরু না করায় ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প এলাকায় আকস্মিকভাবে ভাঙন দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো প্রকল্পের কাজ শুরু না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, নদীর ডান তীর সংরক্ষণের চারটি প্রকল্পের মধ্যে তিনটির কাজ চলছে। একটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এখনো কাজ শুরু করেনি। ওই স্থানেই ভাঙন দেখা দিয়েছে। সময়মতো কাজ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। তারা কয়েক দিনের মধ্যে প্রকল্পের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। নদীর উজানের দিকের প্রথম প্রকল্পের কাজ সময়মতো শেষ করতে না পারলে ভাটির তিনটি প্রকল্পে ভাঙন ধরে অনেক বড় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।বগুড়া পাউবো কার্যালয় সূত্র জানায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের পুকুরিয়া গ্রামের সামনে যমুনা নদীর ভাঙন রোধের জন্য গত ফেব্রুয়ারি মাস থেকে ২৯ কোটি টাকা ব্যয়ে ৮০০ মিটার নদীর ডান তীর সংরক্ষণ কাজ হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি চারটি ভাগে ভাগ করে সাত কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২০০ মিটার করে কাজ করার জন্য চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি ভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ কর্মস্থলে নদীর তীর স্লোপিং করে বালুভর্তি জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণের কাজ করছে। কিন্তু মেসার্স খন্দকার জয়েন্ট কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তার কর্মস্থলে প্রকল্পের কাজ এখনো শুরুই করেনি। এদিকে গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়ে ওই প্রকল্পের স্থানে ভাঙন দেখা দিয়েছে।স্থানীয় লোকজনের অভিযোগ, উজানের দিকে প্রথম প্রকল্পের কাজ সময়মতো না করতে পারলে ভাটির অন্য তিনটি প্রকল্পের কাজ করে নদীর ভাঙন ঠেকানো যাবে না। ফলে একটির জন্য অন্য তিনটি প্রকল্পের বরাদ্দ টাকা শুধুই অপচয় হবে।মেসার্স খন্দকার জয়েন্ট কোম্পানির ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘প্রকল্পের কাজের জন্য আমরা বোল্ডার তৈরি করেছি। যমুনার পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। এ কারণে কাজ ধরতে কয়েক দিন দেরি হয়েছে। শনিবার (আজ) থেকে স্লোপিংয়ের কাজ করে সেখানে কাজ করা হবে। এ ছাড়া কাজ করার জন্য আগামী বছরের ১২ জুন পর্যন্ত এখনো অনেক সময় রয়েছে।’