সময়মতো না আসায় ছয় চিকিৎসককে কারণ দর্শাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় চিকিৎসককে গতকাল বুধবার আবারও কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৪ জুলাই আট চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সময়মতো অফিসে না আসায় চট্টগ্রামের সিভিল সার্জন চিকিৎসকদের দু-দুবার কারণ দর্শাও নোটিশ দেন। হাসপাতাল সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় মাস ধরে আবাসিক চিকিৎসক নেই। ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক সুমন বড়ুয়াসহ হাসপাতালের অধিকাংশ চিকিৎসক পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন আবাসিক এলাকায় বাস করেন। ফলে চিকিৎসকেরা বেলা সাড়ে ১০টা বা ১১টার আগে হাসপাতালে আসতে পারেন না। আবার বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে চলে যান তাঁরা। এতে বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রোগীরা দিনের অধিকাংশ সময় চিকিৎসাসেবা পান না। স্থানীয় একাধিক সূত্র জানায়, গত ১২ জুলাই প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘সময়মতো আসেন না চিকিৎসকেরা চলে যান আগেভাগে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর এক দিন পর গত ১৪ জুলাই সকাল সাড়ে নয়টায় চট্টগ্রামের সিভিল সার্জন রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কাছ থেকে মুঠোফোনে খোঁজ নেন। ওই সময় তিনি হাসপাতালে উপস্থিত না থাকায় আট চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেন। পরে চিকিৎসকেরা সময়মতো হাসপাতালে আসার প্রতিশ্রুতি দিয়ে লিখিতভাবে নোটিশের জবাবও দেন। কিন্তু গতকাল ১ আগস্ট, বুধবার আবারও সময়মতো উপস্থিত না থাকায় ছয় চিকিৎসককে কারণ দর্শাও নোটিশ দেন। রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, সময়মতো অফিসে না আসায় গত ১৪ জুলাই আটজন ও গতকাল ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।নোটিশ পাওয়ার সত্যতা স্বীকার করে হাসপাতালের চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, ‘প্রথমবার নোটিশের জবাব দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী সময়মতো আসার চেষ্টা করছি। তবে রমজান মাস হওয়ায় সামান্য দেরি হচ্ছে। রমজানের পর সময়মতো আসাটা স্বাভাবিক হয়ে যাবে।’