ঢাকার দুই সিটি করপোরেশনের কাছ থেকে সময়মতো কর পরিশোধের বই না পাওয়ায় নগরবাসী নিজেদের সুবিধামতো ব্যাংকে কর দিতে পারছেন না। বাধ্য হয়ে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে কর দিতে হচ্ছে তাঁদের। ফলে তাঁদের যেমন অতিরিক্ত ভোগান্তি হচ্ছে, তেমনি ‘বকশিশে’র নামে বাড়তি টাকা আদায়েরও অভিযোগ আসছে। গত বছরও একই পরিস্থিতিতে পড়তে হয়েছিল বলে ভুক্তভোগী ব্যক্তিরা জানিয়েছেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, কর পরিশোধের বই পাঠানোর কার্যক্রম চলছে। লোকবল-সংকটের কারণে কর পরিশোধের প্রায় দুই লাখ বই নগরবাসীর কাছে পৌঁছাতে সময় লাগছে। বই ছাপানো ও পৌঁছানোর ঝামেলা এড়াতে আগামী বছর থেকে কর পরিশোধের পুরো কার্যক্রম অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে অনুযায়ী কাজ চলছে।
সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা যায়, অর্থবছরের প্রথম তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) মধ্যে হোল্ডিং কর পরিশোধ করলে ঢাকার দুই সিটি করপোরেশন নগরবাসীকে মোট পরিশোধযোগ্য অর্থের ১০ শতাংশ ছাড় দেয়। কর পরিশোধের জন্য সিটি করপোরেশনের কর বিভাগ বিভিন্ন এলাকায় করের বই সরবরাহ করে। প্রতিবছর জুলাই মাস থেকে সিটি করপোরেশনের কর্মীরা বাড়িতে বাড়িতে কর বই পৌঁছে দেওয়া শুরু করেন। সেই বই নিয়ে নগরবাসী নিজেদের হোল্ডিংয়ের ওপর আরোপিত কর সুবিধামতো তাঁদের বাড়ির পাশের ব্যাংকে গিয়ে জমা দেন।
ভুক্তভোগী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কর পরিশোধের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। কিন্তু এখনো অনেকেই সিটি করপোরেশনের বই পাননি। ফলে ঝামেলা এড়াতে অনেকে সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়গুলোতে এসে নিজেদের উদ্যোগে কর দিচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা কোনো ভাঙতি টাকা ফেরত দিচ্ছেন না। বাকি টাকা ‘বকশিশ’ হিসেবে রেখে দিচ্ছেন।
গত মঙ্গল ও গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিনটি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দুটি আঞ্চলিক কার্যালয়ে গিয়ে প্রায় একই চিত্র পাওয়া যায়। গত মঙ্গলবার ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়-৫-এ গিয়ে দেখা যায়, এই জোনের অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকার বাসিন্দারা কর দিচ্ছেন। আগারগাঁও থেকে আসা নাসিরউদ্দিন বলেন, তাঁর জানামতে, তাঁর এলাকার অনেক বাড়িতেই কর পরিশোধের বই যায়নি। ঝামেলা এড়াতে অনেকে ঈদের আগেই কর দিতে চাচ্ছেন। তাই বই ছাড়াই আঞ্চলিক কার্যালয়ে এসেছেন। বই থাকলে সুবিধামতো ব্যাংকে টাকা জমা দিতেন।
এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমান প্রথম আলোকে বলেন, বইয়ের চাহিদাপত্র নেওয়া, ছাপানোর কার্যাদেশ দেওয়া, বই পাওয়া এবং নাগরিকদের কাছে পৌঁছানো—এই প্রতিটি ধাপেই দেরি হওয়ার আশঙ্কা আছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাড়ি বাড়ি বই পৌঁছে দেওয়া হবে।
ডিএসসিসির আঞ্চলিক কার্যালয়-৩-এ গিয়ে দেখা যায়, বাড়িতে বাড়িতে কর বই দেওয়ার নিয়ম থাকলেও অনেকেই তা পাননি। ফলে বাধ্য হয়ে তাঁরা কার্যালয়ে আসছেন। কর দিতে আসা অন্তত পাঁচজনের সঙ্গে কথা বলে জানা যায়, সবাইকে কমবেশি ১০০-১৫০ টাকা বকশিশ দিতে হয়েছে।
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, অর্থবছরের শুরু থেকেই বাড়িতে বাড়িতে বই পাঠানো হচ্ছে। তাতে কেউ বাদ পড়ে থাকতে পারেন। তাঁরা কার্যালয়ে এসে সরাসরি জমা দেন। আগামী বছর থেকে অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা করা হলে নাগরিকদের ভোগান্তি কমে আসবে।
এ বিষয়ে ঢাকা উত্তরের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, প্রায় দুই লাখ হোল্ডিংয়ের জন্য কর বই ছাপাতে হচ্ছে। লোকবল কম থাকায় বই বিতরণে দেরি হতে পারে। নাগরিকদের ভোগান্তি কমাতে এবং বিতরণের ঝক্কি এড়াতে আগামী বছর থেকে পুরো কর প্রক্রিয়া অনলাইনে মাধ্যমে করতে কাজ করা হচ্ছে।