সময়সীমা দুই হাজার টাকায় প্রত্যাহার
মেহেরপুর জেনারেল হাসপাতালের এক কর্মচারীকে মারধরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে চিকিৎসকদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা (আলটিমেটাম) অবশেষে দুই হাজার টাকার বিনিময়ে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল বুধবার অভিযুক্ত ব্যক্তি দুই হাজার টাকা জরিমানা পরিশোধ করলে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়।
হাসপাতালের হোমিও কম্পাউন্ডার কামরুল আযম জানান, তিনি গত বৃহস্পতিবার হাসপাতালের বহির্বিভাগে টিকিট কাউন্টারে কর্মরত ছিলেন। এ সময় একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সদর উপজেলার আমঝুপি গ্রামের রমজান আলী লাইন অতিক্রম করে জোরপূর্বক কাউন্টারে টিকিট নিতে যান। তাঁকে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে বললে তিনি তাঁকে (কামরুল) মারধর করেন। পরে তিনি ওই দিনই রমজানের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার জানান, আসামিকে পুলিশ গ্রেপ্তার না করায় সোমবার হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা যৌথসভা করেন। সভায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তারে ব্যর্থ হলে হাসপাতাল অচল করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত হয়।
হাসপাতাল সূত্র জানায়, ২৪ ঘণ্টার ব্যবধানেই দৃশ্যপট পাল্টে যায়। আসামি এবং বাদীকে নিয়ে জরুরি বৈঠকে বসেন কয়েকজন চিকিৎসক। কামরুল আযমকে মারধরের ঘটনায় আসামি দুই হাজার টাকা জরিমানা পরিশোধ করায় ওই বৈঠকে তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম জানান, রমজান আলীকে গ্রেপ্তারে চিকিৎসক-কর্মচারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন। গতকাল তিনিসহ আটজন চিকিৎসক, মামলার বাদী ও আসামিকে নিয়ে হাসপাতালের সেমিনারকক্ষে সকাল সাড়ে ১০টায় বৈঠকে বসেন। বৈঠকে রমজান আলীকে দুই হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত হয়। রমজান জরিমানার টাকা পরিশোধ করায় আলটিমেটাম প্রত্যাহার করা হয়েছে। এটা হাসপাতালের পরিবেশ রক্ষার স্বার্থেই করা হয়েছে।