কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের দেড় কোটি টাকার সংস্কারকাজ নির্ধারিত সময়সীমার দুই মাস পরও শেষ হয়নি। সরেজমিনে দেখা গেছে, অর্ধেক কাজও শেষ হয়নি।এতে ভোগান্তিতে পড়েছে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের লক্ষাধিক মানুষ। কর্তৃপক্ষ এ জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করেছে।উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, পাঁচ কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সড়ক পিচ ঢালাইসহ সংস্কার করার জন্য গত বছরের নভেম্বরে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজের দায়িত্ব পায় আরকান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। কার্যাদেশ অনুযায়ী, সড়কে বালু ও মাটি ফেলা এবং গাইড ওয়ালসহ (পাইলিং) কার্পেটিং করার কথা। গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করে চলতি বছরের সেপ্টেম্বরে তা শেষ করার কথা ছিল। কিন্তু কাজ শুরু করার পর গত মার্চে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দেয়। সাত মাস বন্ধ থাকার পর গত ২০ অক্টোবর আবার কাজ শুরু করে তারা।গত মঙ্গলবার সকালে গিয়ে দেখা গেছে, সড়কের দক্ষিণ দিক থেকে প্রায় ৬০০ মিটার মেকাডমের ইটের কংক্রিট উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করার কথা থাকলেও এখনো পর্যন্ত তা নির্মাণ করা হয়নি।পুনরায় কাজ শুরু করার পর প্রায় এক কিলোমিটারের ব্রিক সলিংয়ের ইট তুলে ফেলা হয়েছে। এতে ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গত মঙ্গলবার সড়কে গিয়ে ইট খুলে ফেলা অংশে কোনো শ্রমিককে কাজ করতে দেখা যায়নি।মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকার বাসিন্দা মনির হোসেন জানান, মাঝখান থেকে ইট খুলে নেওয়ায় এ অংশে গাড়ি চলতে পারছে না। এ সড়কে কাউকে গাড়িযোগে চলাচল করতে হলে গাড়িতে ভাঙা অংশের এক পাশে এসে সেখানে নামতে হচ্ছে; পরে হেঁটে ভাঙা অংশ পার হয়ে অন্য পাশ থেকে আরেক গাড়িতে উঠতে হচ্ছে। সন্ধ্যার পর সোলিং তুলে ফেলা ওই অংশ হেঁটে পার হওয়ার সময় অনেকে ডাকাতের কবলে পড়ছে।মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ উল্লাহ জানান, সাত মাস পর আবার কাজ শুরু হলেও কাজ চলছে ধীরগতিতে। তিনি আরও জানান, গত দুই মাসে ওই সড়কে গাড়ি উল্টে শতাধিক লোক আহত হয়েছে। বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়ে লোকজন ওই সড়ক দিয়ে যাতায়াত করছে।মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এএসআই) মোহাম্মদ মশিউর রহমান প্রথম আলোকে জানান, ডাকাতি ঠেকাতে সন্ধ্যার পর থেকে ওই সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।মাতারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জানান, জরুরি ভিত্তিতে সড়ক সংস্কারের জন্য উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বেশ কয়েকবার বিষয়টি উত্থাপন করা হলেও কোনো কাজ হচ্ছে না।কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মোক্তার হোসেন বলেছেন, বৃষ্টির কারণে সড়কের সংস্কারকাজ বন্ধ রাখা হয়। যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে বলে তিনি জানিয়েছেন।কাজের তদারক কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী আশকার ইবনে আমিন জানান, জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য ঠিকাদারকে তাঁরা তাগিদ দিয়েছেন। তবে সময়মতো কাজ শেষ না করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, সে ব্যাপারে তিনি কিছু বলেননি।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে জানান, জরুরি ভিত্তিতে কাজ শেষ করার জন্য তিনি স্থানীয় প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন।