সময়সীমা বেঁধে দিয়ে কিছুই আদায় করতে পারবে না বিরোধী দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের নেতারা বলেছেন, নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক বা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার চাইলে বিরোধী দলকে জাতীয় সংসদে এসে আলোচনা করতে হবে। এ ছাড়া রাস্তায় সভা-সমাবেশ করে সময়সীমা বেঁধে দিয়ে কোনো কিছু আদায় করতে পারবে না।গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দল আয়োজিত জনসভায় নেতারা এ কথা বলেন। ১৪ দলের নেতারা দাবি করেন, বিরোধী দলের আন্দোলনের মূল উদ্দেশ্য তত্ত্বাবধায়ক সরকার নয়। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তারা মরিয়া। এ জন্য হুঁশিয়ারি উচ্চারণ করে ক্ষমতাসীন জোটের নেতারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে চাইলে রাজনীতির মাঠে মোকাবিলা করা হবে। সমাবেশের সভাপতি ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী অভিযোগ করেন, বিরোধীদলীয় নেত্রী পাকিস্তান থেকে টাকা খেয়ে রাজনীতি করেন। তিনি মাসে মাসে পাকিস্তান থেকে কত টাকা পান, তার হিসাব জনগণকে দিতে হবে। পাকিস্তানের স্বার্থেই বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচাতে মরিয়া। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু বলেন, বিরোধী দল সংসদের আগামী অধিবেশনে যাবে, এটা নিশ্চিত। কারণ এত দিন তারা সংসদে না গিয়েও বেতন-ভাতা নিয়েছে। সেটা জায়েজ করার জন্য আগামী অধিবেশনে যেতেই হবে তাদের। আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা দিয়েছিলাম জনসভা, হয়ে গেছে মহাসমাবেশ। চারপাশ জনসমুদ্রে পরিণত হয়েছে।’ তাঁর অভিযোগ, বিরোধী দল ১২ মার্চ তাহরির স্কয়ার করতে চেয়েছিল। কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি। বিরোধী দল আসলে তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই আন্দোলন করছে।১২ মার্চ চারদলীয় জোটের মহাসমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের জন্য সরকারকে ৯০ দিন সময় বেঁধে দেন।বিরোধী দলের এ দাবিকে সংবিধানবহির্ভূত বলে আখ্যা দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘৯০ দিন কেন, ৯০০ দিনেও বিরোধীদলীয় নেত্রীর এই অভিলাষ পূরণ হবে না।’রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়া ৯০ দিনের যে সময়সীমা বেঁধে দিয়েছেন, সেটি যদি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য হয়, কিংবা তাঁর দুর্নীতিবাজ সন্তানদের রক্ষার জন্য হয়, তাহলে আওয়ামী লীগ তা রাজপথে মোকাবিলা করবে। যদি তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হয়, তাহলে সংসদে এসে আলোচনার আহ্বান জানান তিনি। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দাবি করেন, বিরোধীদলীয় নেত্রী পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের পোষা ময়না। সে জন্যই তিনি তাদের কথায় উঠবস করেন। বাঙালিদের আবেগের মাস ডিসেম্বর ও মার্চকে বেছে নিয়েছিলেন তিনি। ডিসেম্বরে করেছে বোমাবাজি আর মার্চে এসে মহাসমাবেশের নামে করতে চেয়েছিল নাশকতা। যত চেষ্টাই করুক না কেন, বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের আমলে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদসহ জাতীয় সংসদের বিভিন্ন আসনে উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। বিরোধী দলও কারচুপি বা অনিয়মের অভিযোগ আনতে পারেনি। এসব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারলে শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন কেন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না?’জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়াকে ক্ষমতায় যেতে চাইলে আগামীকালই তাঁর জোট থেকে যুদ্ধাপরাধীদের বের করে দিতে হবে। দুর্নীতিবাজ সন্তানদের ত্যাজ্য করতে হবে। খালেদা জিয়া নিজেকেও সংশোধন করতে হবে।’ সমাবেশে আরও বক্তৃতা করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা প্রমুখ।